খেলাধুলা

ইংল্যান্ডের কাছে হারার পর বাবার মৃত্যুর খবর পেলেন কঙ্গোর কোচ

বিশ্বকাপে রাউন্ড অব ৩২-এর ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে লড়াই করেও ২-১ গোলে হেরে বিদায় নিয়েছে ডিআর কঙ্গো। ম্যাচ হেরে বিশ্বকাপ থেকে বিদায় পর এক হৃদয়বিদারক মুহূর্তের মুখোমুখি হয়েছেন কঙ্গোর প্রধান কোচ সেবাস্তিয়ান দেসাব্রে।

Advertisement

ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলন চলাকালেই তিনি জানতে পারেন, তার বাবা আর বেঁচে নেই।

ম্যাচে শক্তিশালী ইংল্যান্ডকে শুরু থেকেই চাপে রেখেছিল আফ্রিকার দলটি। প্রথমার্ধে ব্রায়ান সিপেঙ্গার গোলে এগিয়েও গিয়েছিলো ডিআর কঙ্গো। বার্তা দেয় ইংলিশদের বিদায় করে দেওয়ার।

কিন্তু ম্যাচের দৃশ্যপট পাল্টে যায় দ্বিতীয়ার্ধের ৭০ মিনিটের পর। অধিনায়ক হ্যারি কেইনের জোড়া গোলে ঘুরে দাঁড়ায় ইংল্যান্ড। শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জয় তুলে নিয়ে পরের রাউন্ডে জায়গা নিশ্চিত করে থমাস টুখেলের দল। শেষ ষোলোতে তাদের প্রতিপক্ষ হবে মেক্সিকো।

Advertisement

ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে যখন নিজের দলের পারফরম্যান্স নিয়ে কথা বলছিলেন দেসাব্রে, তখনই তাকে জানানো হয় তার বাবার মৃত্যুর খবর। মুহূর্তেই ফুটবল পেছনে চলে যায়, আর সামনে চলে আসে ব্যক্তিগত জীবনের গভীর শোক।

যদিও নকআউট পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে, তবু এবারের বিশ্বকাপে ডিআর কঙ্গোর পারফরম্যান্স প্রশংসা কুড়িয়েছে। দেসাব্রের অধীনে দলটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল খেলেছে এবং আন্তর্জাতিক মঞ্চে আফ্রিকান ফুটবলের সামর্থ্যের নতুন বার্তা দিয়েছে।

ইংল্যান্ডের জয় তাদের শিরোপার স্বপ্নকে আরও এক ধাপ এগিয়ে দিলেও ম্যাচ শেষে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন দেসাব্রে। ফুটবল বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে তার এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানানো হচ্ছে।

আইএন

Advertisement