নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ফুটপাত দখল, সড়কে অবৈধভাবে অটোরিকশা ও সিএনজি পার্কিংয়ের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৪ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও একজনকে অর্থদণ্ড দেওয়া হয়।
Advertisement
বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাতের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে বিনাশ্রম কারাদণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন হিরণ মিয়া, খলিল, নুরুল আমীন, হানিফ, মোশারফ, জাকির হোসেন, মোতালেব, আবু বকর সিদ্দিক, মো. মনির, মো. সেলিম, শ্যামল দাস, মো. মজনু, মিলন জহিরুল ইসলাম ও জুনায়েদ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফিডার রোড দীর্ঘদিন ধরে ফুটপাত দখল এবং যত্রতত্র অটো-সিএনজি পার্কিংয়ের কারণে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছিল। বিশেষ করে এইচএসসি পরীক্ষার্থীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে রাস্তা দখল করে ব্যবসা পরিচালনা এবং সড়কে অবৈধভাবে যানবাহন পার্কিংয়ের দায়ে ১৫ জন দোকানদার ও অটো-সিএনজি চালককে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত ১৩ জনকে পাঁচ দিনের এবং একজনকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচশ টাকা অর্থদণ্ড দেন। এছাড়া সড়ক পরিবহন আইনে একজনকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।
Advertisement
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত বলেন, ‘অটো-সিএনজির জন্য নির্ধারিত স্ট্যান্ড থাকা সত্ত্বেও চালকরা নিয়ম মানছেন না। স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের মাধ্যমে সচেতন করার পরও তারা আইন অমান্য করায় অভিযান পরিচালনা করা হয়েছে।’
মো. আকাশ/এসআর/জেআইএম