দেশজুড়ে

হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট প্রাণ গেলো দুই ভাইয়ের

হবিগঞ্জের চুনারুঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাই নিহত হয়েছেন। এছাড়া আরেক ভাইসহ আহত হয়েছেন আরও দুইজন।

Advertisement

বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে উপজেলার শানখলা ইউনিয়ন অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার দক্ষিণ গোরামী মির্জাপুর গ্রামের মৃত মকছুদ আলীর ছেলে মো. আব্দুল্লাহ মিয়া (৪৫) ও মো. আব্দুল আজিজ (৪০)। আহত অবস্থায় তাদের আরেক ভাই মো. আবু তালিব ও একই এলাকার মৃত আব্দুর রহমান ছেলে মোহাম্মদ নুরুল হককে (৪৪) সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে শানখলা ইউনিয়ন অফিসের সামনে বাঁশের খুঁটি দিয়ে বৈদ্যুতিক তারে সংযোগ দেওয়ার কাজ করছিলেন দুই ভাই। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন তারা। তাদেরকে বাঁচাতে আরেক ভাই মো. আবু তালিব ও নুরুল হক এগিয়ে গেলে তারাও গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মো. আব্দুল্লাহ মিয়া ও আব্দুল আজিজকে মৃত ঘোষণা করেন।

Advertisement

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বাঁশের খুঁটি দিয়ে বৈদ্যুতিক তারে সংযোগ দেওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। পুলিশের একটি টিম ঘটনাস্থলে অবস্থান করছে। ঘটনার প্রকৃত কারণ তদন্ত করা হচ্ছে।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/কেএইচকে/জেআইএম