শিক্ষা

এইচএসসি পরীক্ষায় অংশ নিতে না পারা নাটোরের ৮ শিক্ষার্থী পেলেন সুখবর

নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর সরকারি কলেজের ৮ জন এইচএসসি পরীক্ষার্থী ফরম পূরণের টাকা জমা দেওয়ার পরও পরীক্ষায় অংশ নিতে পারেননি। এ নিয়ে গতকাল বৃহস্পতিবার (২ জুলাই) বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচারিত হয়।

Advertisement

বিষয়টি নজরে আসামাত্র শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন রাজশাহী বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. শামীম আরা চৌধুরীর সঙ্গে কথা বলেন। ওই আট শিক্ষার্থীর পরীক্ষায় অংশগ্রহণের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন মন্ত্রী।

আরও পড়ুন কলেজের ভুলে এইচএসসি পরীক্ষা দেওয়া হলো না সুমাইয়ার

অভিযোগে জানা গেছে, ওই কলেজের অফিস সহকারী অমিত কুমার সরকার শিক্ষার্থীদের কাছ থেকে ফরম পূরণের টাকা গ্রহণ করলেও তা যথাযথভাবে জমা দেননি। ফলে প্রবেশপত্র না পাওয়ায় ৮ শিক্ষার্থী গতকাল থেকে শুরু হওয়া এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারেননি।

শিক্ষামন্ত্রী ঘটনাটি দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ও বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। মন্ত্রীর নির্দেশে আজ শুক্রবার (৩ জুলাই) রাজশাহী শিক্ষা বোর্ড দ্রুত তাদের ফরম পূরণের ব্যবস্থা গ্রহণ করে। এরই মধ্যে ফরম পূরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। আগামীকাল রোববার (৪ জুলাই) থেকে তারা নিয়মিত পরীক্ষার্থী হিসেবে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।

Advertisement

শিক্ষামন্ত্রী ঘটনাটি জানার পর নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরিফুল হক, লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলামের সঙ্গেও টেলিফোনে কথা বলেন। ঘটনার সঙ্গে জড়িত সব ব্যক্তির বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে বলেন। এরপর পুলিশ দ্রুত সময়ে অভিযুক্ত অফিস সহকারী অমিত কুমার সরকারকে আটক করেছে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

আরও পড়ুন ঢাকা বোর্ড চেয়ারম্যান / কোনো এলাকায় দুর্যোগ হলে সারাদেশে এইচএসসি পরীক্ষা স্থগিত

শিক্ষামন্ত্রী রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে দ্রুত কঠোর ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। এরই মধ্যে আব্দুলপুর সরকারি কলেজের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল মাহমুদকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এছাড়া বগুড়ার সারিয়াকান্দিতে এইচএসসি পরীক্ষার ফরম পূরণের জন্য নির্ধারিত সময়ে টাকা পরিশোধ করেও রেজিস্ট্রেশন নম্বর ভুল হওয়ার কারণে একজন শিক্ষার্থীর পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারার বিষয়ে একটি অভিযোগ শিক্ষামন্ত্রীর কাছে এসেছে।

আরও পড়ুন এইচএসসি পরীক্ষার প্রথমদিনে অনুপস্থিত ২৪৭৮৪, বহিষ্কার ৭

এছাড়া বগুড়ার মহাস্থানগড়ের ৬ জন শিক্ষার্থী ফরম পূরণ সংক্রান্ত জটিলতার কারণে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেননি বলে জানা গেছে।

Advertisement

শিক্ষামন্ত্রী এসব বিষয়েও টেলিফোনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে দ্রুত যথাযথ পদক্ষেপ নিতে বলেছেন। এসব ঘটনায় দোষী ব্যক্তিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিতে বলেন তিনি। এরই মধ্যে বগুড়ার সারিয়াকান্দি ও মহাস্থানগড়ের ভুক্তভোগী শিক্ষার্থীদেরও ফরম পূরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। আগামীকাল থেকে তারাও নিয়মিত পরীক্ষার্থী হিসেবে পরীক্ষায় অংশ নিতে পারবেন।

এএএইচ/এমএমকে