খেলাধুলা

ক্যারিয়ারে ১০০০ গোলের মাইলফলক থেকে কতটা দূরে রোনালদো?

২০২৬ বিশ্বকাপেও ইতিহাসের পাতায় একের পর এক নতুন অধ্যায় যোগ করে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ৪১ বছর বয়সী পর্তুগিজ এই অধিনায়ক এবার গোল করলেন ক্রোয়েশিয়ার বিপক্ষে, আর তাতেই নিজের রেকর্ড ভাঙার দৌড়ে আরও এক ধাপ এগিয়ে গেলেন তিনি।

Advertisement

বলকান দেশটির বিপক্ষে করা এই গোলটি শুধু নকআউট পর্বে পর্তুগালের জন্যই গুরুত্বপূর্ণ ছিল না, বরং গোলটি পেশাদার ফুটবলে নজিরবিহীন ১০০০ অফিসিয়াল গোলের মাইলফলকের আরও কাছাকাছি নিয়ে গেছে সিআরসেভেনকে।

ক্রোয়েশিয়ার বিপক্ষে গোল করে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে পেশাদার ক্যারিয়ারে রোনালদোর অফিসিয়াল গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯৭৬।

এর আগে উজবেকিস্তানের বিপক্ষে জোড়া গোল করে তিনি ৯৭৫ গোলের মাইলফলক স্পর্শ করেছিলেন। সেই ম্যাচেই ফুটবল ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে ছয়টি ভিন্ন বিশ্বকাপে গোল করার অনন্য কীর্তি গড়েন পর্তুগিজ এই ফরোয়ার্ড।

Advertisement

এবার বিশ্বকাপে আরও একটি গোল যোগ হওয়ায় ১০০০ অফিসিয়াল গোলের ঐতিহাসিক মাইলফলক থেকে রোনালদো এখন মাত্র ২৪ গোল দূরে। পথটি এখনও সহজ নয়, তবে প্রতিটি ম্যাচের সঙ্গে সেই দূরত্ব কমছে।

ক্রোয়েশিয়ার বিপক্ষে পর্তুগালের হয়ে সমতা ফেরানো গোলটি করে ম্যাচের স্কোরলাইন ১-১ করলেও, বিশ্বকাপের শেষ ষোলোর টিকিট নিশ্চিত করার লড়াইয়ে ম্যাচের ৮১তম মিনিটের দিকে রোনালদোকে তুলে নিয়ে তার জায়গায় রুবেন নেভেসকে নামান কোচ রবার্তো মার্তিনেজ।

পরে ইনজুরি টাইমে রাফায়েল লিয়াওয়ের পাস থেকে দারুণ এক হেডে ক্রোয়েশিয়ার জালে বল জড়ান পর্তুগিজ ফরোয়ার্ড গন্সালো রামোস। ফলে শেষ ষোলোর টিকিট নিশ্চিত হয়ে যায় পর্তুগালের। শেষ ষোলোর লড়াইয়ে পর্তুগালের প্রতিপক্ষ হবে আরেক ইউরোপিয়ান জায়ান্ট স্পেন।

আরএএইচইউএল/এমএমআর

Advertisement