আন্তর্জাতিক

যেসব বিষয় নিশ্চিত করলে সহজেই পাবেন সুইজারল্যান্ডের কঠিন স্টুডেন্ট ভিসা

ইউরোপের বুকে এক টুকরো স্বর্গ বলা হয় সুইজারল্যান্ডকে। জীবনযাত্রার উন্নত মান, বিশ্বখ্যাত শিক্ষাব্যবস্থা ও দারুণ প্রাকৃতিক পরিবেশের কারণে প্রতি বছর হাজারো আন্তর্জাতিক শিক্ষার্থী সেখানে পড়তে যাওয়ার স্বপ্ন দেখেন। তবে উচ্চশিক্ষার বৈশ্বিক মানচিত্রে সুইজারল্যান্ডের স্টুডেন্ট ভিসা পাওয়াটা অন্যতম কঠিন একটি প্রক্রিয়া হিসেবে বিবেচিত হয়। দেশটির কঠোর অভিবাসন নীতি ও নিখুঁত কাগজপত্রের যাচাই-বাছাইয়ের কারণে অনেকেই মাঝপথে খেই হারিয়ে ফেলেন।

Advertisement

তবে অভিবাসন বিশেষজ্ঞদের মতে, সুইজারল্যান্ডের ভিসা প্রক্রিয়া যতটা না ‘কঠিন’, তার চেয়ে বেশি ‘নিয়মতান্ত্রিক’। নির্দিষ্ট কিছু কৌশল ও শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করতে পারলে এই কঠিন ভিসাও বেশ সহজেই পাওয়া সম্ভব। জেনে নিন সেই মূল চাবিকাঠিগুলো:

১. পাবলিক ইউনিভার্সিটি ও সঠিক কোর্সের মেলবন্ধন

ভিসা পাওয়ার প্রথম ও প্রধান শর্ত হলো একটি বিশ্বস্ত সুইস শিক্ষাপ্রতিষ্ঠান থেকে নিশ্চিত ভর্তির সুযোগ (Unconditional Letter of Acceptance) পাওয়া। সুইজারল্যান্ডে দুই ধরণের প্রতিষ্ঠান রয়েছে- পাবলিক ইউনিভার্সিটি (যেমন: ইটিএইচ জুরিখ (ETH Zurich), ইপিএফএল (EPFL), ইউনিভার্সিটি অব জেনেভা (University of Geneva) ও কিছু বেসরকারি ফলিত বিজ্ঞান বা হসপিটালিটি স্কুল।

Advertisement

যদি আপনার একাডেমিক প্রোফাইল ভালো থাকে ও আপনি কোনো পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পান, তবে আপনার ভিসার আবেদন এমনিতেই অনেক শক্তিশালী হয়ে যায়। এছাড়া আপনার পূর্ববর্তী পড়াশোনার সঙ্গে বর্তমান কোর্সের একটি যৌক্তিক ধারাবাহিকতা থাকতে হবে। হঠাৎ করে একদম ভিন্ন ট্র্যাকের সাবজেক্ট বেছে নিলে ভিসা কর্মকর্তা আপনার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলতে পারেন।

২. আর্থিক সচ্ছলতার ‘ক্লিন’ রেকর্ড ও দীর্ঘমেয়াদী ফান্ডিং

সুইজারল্যান্ডে স্টুডেন্ট ভিসার জন্য অন্যতম বড় বাধা হলো জীবনযাত্রার খরচের হিসাব দেখানো। সুইস ফেডারেল কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী, একজন শিক্ষার্থীকে প্রতি বছরের জন্য কমপক্ষে ২১ হাজার থেকে ২৪ হাজার সুইস ফ্রাংক, (বাংলাদেশি টাকায় প্রায় ৩০ থেকে ৩৫ লাখ টাকা) ব্যাংকে দেখাতে হয়।

শুধু ব্যাংকে টাকা রাখাই শেষ কথা নয়, সেই টাকার আইনি ও ট্যাক্স পরিশোধিত উৎস দেখাতে হবে। স্পন্সরের ১২ মাসের ব্যাংক স্টেটমেন্ট, ইনকাম ট্যাক্স পেপার ও স্থায়ী আমানতের কাগজপত্রে কোনো অসঙ্গতি থাকা চলবে না। ফান্ড যত বেশি পরিষ্কার ও দীর্ঘমেয়াদী হবে, ক্যান্টনাল ইমিগ্রেশন অফিস তত দ্রুত ভিসা অনুমোদন দেবে।

Advertisement

স্পন্সর বা গ্যারান্টর কি আবশ্যক?

না, আবশ্যক নয়। যদি আপনার নিজের বা পরিবারের অ্যাকাউন্টে এই বিপুল পরিমাণ টাকা না থাকে, কেবল তখনই আপনার একজন স্পন্সর বা গ্যারান্টর লাগবে। তবে সুইজারল্যান্ড অন্য দেশের মতো যেকোনো দূর সম্পর্কের আত্মীয়ের স্পন্সরশিপ সহজে গ্রহণ করে না।

সুইজারল্যান্ডের কোনো নাগরিক বা সেখানে বৈধভাবে বসবাসকারী (‘বি’ বা ‘সি’ পারমিটধারী) কোনো ব্যক্তি যদি আপনার লিভিং কস্টের দায়িত্ব নিয়ে একটি অফিশিয়াল ‘ডিক্লেরেশন অব গ্যারান্টি’ বা মুচলেকা সই করেন, তবে সেটি ইমিগ্রেশন অফিস খুব গুরুত্বের সঙ্গে বিবেচনা করে।

৩. ভাষার দক্ষতা: কোনো আপস নয়

সুইজারল্যান্ডের অফিশিয়াল ভাষা মূলত চারটি- জার্মান, ফ্রেঞ্চ, ইতালিয়ান ও রোমানশ। তবে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য অনেক কোর্স ইংরেজিতে পরিচালিত হয়।

সহজ হওয়ার উপায়: ইংরেজিতে কোর্স হলে ন্যূনতম আইইএলটিএস (IELTS) স্কোর ৬.৫ থেকে ৭.০ নিশ্চিত করুন (কোনো ব্যান্ডে যেন ৫.৫ বা ৬.০ এর নিচে না থাকে)। আর যদি আপনার কোর্সটি জার্মান বা ফ্রেঞ্চ ভাষায় হয়, তবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ভাষা সনদ (যেমন: টেস্টডাফ (TestDaF) বা ডিইএলএফ (DELF) আবেদনের সঙ্গে যুক্ত করুন। ভাষার দক্ষতা যত ভালো হবে, ইন্টারভিউতে আপনার আত্মবিশ্বাস তত বাড়বে।

৪. দূরদর্শী 'মোটিভেশন লেটার' (এসওপি) ও দেশের প্রতি দৃঢ় অনুভূতি

সুইজারল্যান্ডের ইমিগ্রেশন কর্মকর্তারা আপনার ‘মোটিভেশন লেটার’ বা ‘স্টেটমেন্ট অব পারপাস’ (এওপি) খুব গভীরভাবে পড়েন। তারা মূলত দুটি জিনিস খোঁজেন: কেন আপনি নিজ দেশ ছেড়ে সুইজারল্যান্ডকে বেছে নিলেন ও পড়াশোনা শেষে আপনার পরিকল্পনা কী?

আপনার এসওপিতে স্পষ্ট করে লিখুন যে, সুইজারল্যান্ডের এই নির্দিষ্ট ডিগ্রিটি কীভাবে আপনার ক্যারিয়ার গঠনে সাহায্য করবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়- আপনাকে প্রমাণ করতে হবে যে পড়াশোনা শেষ করে আপনি অবশ্যই নিজের দেশে ফিরে যাবেন। যদি তারা সামান্যতম ইঙ্গিত পান যে, আপনি সেখানে স্থায়ীভাবে থেকে যাওয়ার চেষ্টা করবেন, তবে ভিসা সরাসরি বাতিল হতে পারে।

৫. সুইজারল্যান্ডের নিজস্ব হেলথ ইন্স্যুরেন্স ও আবাসন

ইউরোপের অন্য দেশের ট্রাভেল ইন্স্যুরেন্স দিয়ে সুইজারল্যান্ডের স্টুডেন্ট ভিসা হয় না। দেশটির নিয়ম অনুযায়ী, সুইজারল্যান্ডে পৌঁছানোর পর আপনাকে স্থানীয় সরকার অনুমোদিত [(যেমন: সিএসএস (CSS) বা হেলসানা (Helsana)] স্টুডেন্ট হেলথ ইন্স্যুরেন্সের আওতায় আসতে হবে। একই সঙ্গে আপনার থাকার জায়গার একটি প্রাথমিক প্রমাণপত্র বা বিশ্ববিদ্যালয়ের ডরমিটরি বুকিংয়ের কাগজ থাকা জরুরি। ভিসা আবেদনের সময়ই এই বিষয়গুলোর প্রাথমিক প্রস্তুতি দেখালে ফাইলটি ইতিবাচক সাড়া পায়।

আবেদনকারীদের জন্য প্রফেশনাল টিপস (টাইমলাইন ব্যবস্থাপনা)

সুইজারল্যান্ডের ভিসা প্রক্রিয়াটি দ্বিমুখী। ঢাকার সুইস দূতাবাস আপনার ফাইলটি সরাসরি সুইজারল্যান্ডের নির্দিষ্ট ‘ক্যান্টন’ বা প্রদেশের ইমিগ্রেশন অফিসে পাঠায়। এই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হতে ৮ থেকে ১২ সপ্তাহ (প্রায় ৩ মাস) পর্যন্ত সময় লেগে যায়। তাই সেপ্টেম্বর ইনটেকের (Autumn Intake) জন্য অন্তত ৫-৬ মাস আগে থেকেই বিশ্ববিদ্যালয়ের আবেদন ও ৪ মাস আগে ভিসার ফাইল প্রস্তুত করা উচিত।

সূত্র: SEM Entering Switzerland Guidelines , Cantonal immigration and employment market authorities, educations.com, Roushan EducareSticker Visa Bangladesh

এসএএইচ