দেশজুড়ে

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলন: তিনজনকে জরিমানা, ট্রাক জব্দ

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন করে বাণিজ্যিকভাবে বিক্রি ও মজুতের ঘটনায় তিনজনকে এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় তিনটি ট্রাক ও অবৈধভাবে উত্তোলিত বালু জব্দ করা হয়।

Advertisement

শুক্রবার (৪ জুলাই) রাতে উপজেলার হাইতকান্দি ইউনিয়নের কচুয়া বাজার থেকে দমদমা বাজার সড়কে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন কাদের।

জানা গেছে, অভিযানকালে অবৈধভাবে উত্তোলিত বালু পরিবহন ও মজুতের অভিযোগে তিনটি ট্রাকসহ ফেনীর ছাগলনাইয়া উপজেলার মো. ইব্রাহিম, মো. জিয়াউল হক ও খাগড়াছড়ির রামগড় উপজেলার মো. শাহ আলমকে আটক করা হয় এবং বালুগুলো জব্দ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন কাদের বলেন, আটক ব্যক্তিরা বিশেষ অর্থনৈতিক অঞ্চলের বেড়িবাঁধ এলাকা থেকে বালু উত্তোলন করে বিক্রির জন্য কচুয়া বৌদ্ধ বিহার এলাকায় নিচ্ছিল। বালু ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিনটি পৃথক মামলায় প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা ও আদায় করা হয়।

Advertisement

তিনি জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

এম মাঈন উদ্দিন/এমকেআর