দেশজুড়ে

‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ আন্দোলন সফল হয়েছে: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ আন্দোলন সফল হয়েছে। প্রধানমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন, যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। ইনশাআল্লাহ, এ পরিকল্পনার মাধ্যমে আমাদের তিস্তা অববাহিকার মানুষ নতুন জীবন ফিরে পাবে।

Advertisement

শনিবার (৪ জুলাই) বিকেলে লালমনিরহাটের এম টি হোসেন ইনস্টিটিউট মাঠে সামাজিক সংগঠন ‘আলোকিত লালমনিরহাট’র আয়োজনে অনুষ্ঠিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

সমাবেশে মির্জা ফখরুল বলেন, আমরা ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই-সংগ্রাম করেছি। অনেক মামলা-মোকদ্দমা হয়েছে, অনেক প্রাণ ঝরে গেছে; কিন্তু আমরা মাথা নিচু করিনি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে আমরা বিজয় ছিনিয়ে এনেছি।

তিনি বলেন, আজ আমরা এমন একটি পরিবেশ পেয়েছি, যা নতুন বাংলাদেশ গড়ার জন্য উপযুক্ত। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা হারিয়েছি, যিনি আপসহীন নেতৃত্ব দিয়ে আমাদের এগিয়ে নিয়ে গেছেন। তবে আমরা এখন নতুন এক নেতাকে পেয়েছি, যিনি আমাদের শুধু স্বপ্নই দেখাচ্ছেন না, বরং নতুন বাংলাদেশ গড়ার সুনির্দিষ্ট পরিকল্পনাও দিচ্ছেন।

Advertisement

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী এবং লালমনিরহাট-৩ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর ভূয়সী প্রশংসা করে এলজিআরডি মন্ত্রী বলেন, বাংলাদেশের যে কয়েকজন দূরদর্শী নেতা সমাজকে বদলে দিতে চান, তাদের মধ্যে আসাদুল হাবিব দুলু অন্যতম। তিনি শুধু একজন রাজনীতিবিদ, সংসদ সদস্য বা মন্ত্রী নন; তিনি একজন সমাজ সংস্কারক। মাদকের আগ্রাসনে আজ আমাদের সমাজ ও যুবসমাজ যখন পরাজিত হচ্ছে, তখন এর প্রতিরোধ গড়ে তুলতে দুলু জনগণকে সঙ্গে নিয়ে যে কাজ শুরু করেছেন, আমাদের সবাইকে সেভাবেই কাজ করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘আলোকিত লালমনিরহাট’র সভাপতি ও লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদুল হক প্রধান। এতে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

মহসীন ইসলাম শাওন/কেএইচকে/এএসএম

Advertisement