খেলাধুলা

‘আমরা নোংরা ফুটবলও খেলতে জানি,’ প্যারাগুয়ের উদ্দেশ্যে এমবাপে

প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে টানা চতুর্থবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে ফ্রান্স। ফিলাডেলফিয়ায় শনিবার অনুষ্ঠিত শেষ ষোলোর ম্যাচে কিলিয়ান এমবাপের একমাত্র গোলেই জয় নিশ্চিত করে দিদিয়ের দেশমের শিষ্যরা।

Advertisement

ম্যাচজুড়ে প্যারাগুয়ের খেলোয়াড়রা এমবাপ্পে ও তার সতীর্থদের উসকে দেওয়ার চেষ্টা করেন। বারবার ফাউল, ধাক্কাধাক্কি এবং উত্তেজনার মধ্যেও হাসিমুখে নিজের খেলায় মনোযোগ ধরে রাখেন ফরাসি তারকা। ম্যাচ শেষে অবশ্য ক্রীড়াসুলভ আচরণ দেখাননি প্যারাগুয়ের গোলরক্ষক অরল্যান্ডো গিল। এমবাপে করমর্দন না করে চলে গেলে ক্ষুব্ধ গিল তার দিকে বল ছুড়ে মারেন।

এদিন ফ্রান্সের বৃষ্টির মতো একের পর এক আক্রমণ প্রতিহত করছিল। তবে ম্যাচের ৭০তম মিনিটে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সহায়তায় দেওয়া পেনাল্টি থেকে গোল করে দলকে জয়ের পথে এগিয়ে দেন এমবাপে। দিয়েগো গোমেজের ফাউলের কারণে পেনাল্টি পায় ফ্রান্স। ঠান্ডা মাথায় স্পটকিক থেকে গোল করে ক্যারিয়ারের ১৯তম বিশ্বকাপ গোলের দেখা পান এমবাপ্পে।

এই গোলের মাধ্যমে তিনি বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা লিওনেল মেসির (২০) থেকে মাত্র এক গোল পিছিয়ে থাকলেন। একই সঙ্গে টানা তিনটি বিশ্বকাপের নকআউট পর্বে অন্তত তিনটি করে গোল করা ইতিহাসের একমাত্র ফুটবলারও হয়েছেন তিনি। চলতি আসরে এমবাপ্পে ও মেসি দুজনেরই গোলসংখ্যা এখন সাত, ফলে গোল্ডেন বুটের লড়াইও জমে উঠেছে।

Advertisement

ম্যাচ শেষে এমবাপ্পে বলেন, ‘আমরা জানতাম ম্যাচটা এমনই কঠিন হবে। প্রয়োজন হলে নোংরা ফুটবলও খেলতে জানি। হয়তো তারা ভেবেছিল আমরা টাক্সেডো পরে মাঠে নামব, কিন্তু আমরা প্রস্তুত ছিলাম।’

ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম বলেন, ‘এটা মোটেও সহজ ম্যাচ ছিল না। শেষ দিকে আরেকটি সুযোগ কাজে লাগাতে পারলে জয়টা আরও স্বস্তিদায়ক হতো। প্যারাগুয়ে ম্যাচজুড়ে সব ধরনের কৌশল প্রয়োগ করেছে। দর্শকদের হয়তো এমন ফুটবল ভালো লাগে না, তবে আমরা মনোযোগ ধরে রেখেছি, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

এর আগে দ্বিতীয়ার্ধে একবার একক প্রচেষ্টা নষ্ট করেন এমবাপ্পে। এছাড়া মানু কোনের দুর্দান্ত শট দারুণভাবে ঠেকিয়ে দেন গিল। যোগ করা সময়েও এমবাপ্পের দুটি জোরালো প্রচেষ্টা রুখে দেন প্যারাগুয়ের গোলরক্ষক। ম্যাচ শেষে গিল বলেন,‘ওই পেনাল্টি না হলে ম্যাচ অতিরিক্ত সময়ে গড়াত।’

কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের প্রতিপক্ষ মরক্কো। আগামী বৃহস্পতিবার ম্যাসাচুসেটসের ফক্সবরোতে মুখোমুখি হবে দুই দল।

Advertisement

এসকেডি/এমআইএইচএস