খেলাধুলা

সেমিফাইনালে ওঠার লড়াইয়ে ফ্রান্সের প্রতিপক্ষ কে, কবে খেলা

শনিবার ফিলাডেলফিয়ায় তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস। এই গরমে দক্ষিণ আমেরিকান দল প্যারাগুয়ের মুখোমুখি হয় ফ্রান্স। পুরো ম্যাচজুড়ে ডিফেন্ড করে যাওয়া দলটির বিপক্ষে ওপেন প্লেতে গোল বের করতে পারেনি ফরাসিরা। শেষ পর্যন্ত পেনাল্টি থেকে গোল করে ফ্রান্সকে ১-০ ব্যবধানে জয় এনে দেন অধিনায়ক কিলিয়ান এমবাপে। কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ মরক্কো।

Advertisement

এদিন শুরু থেকেই বলের দখল ধরে রেখে একের পর এক আক্রমণ চালায় ফরাসিরা। তবে দৃঢ় রক্ষণ গড়ে তাদের আটকে রাখে প্যারাগুয়ে। ম্যাচ যখন অতিরিক্ত সময়ে গড়ানোর আভাস দিচ্ছিল, তখনই আসে সিদ্ধান্ত বদলে দেওয়া মুহূর্ত।

ম্যাচের শেষভাগে ডি-বক্সে ফাউলের শিকার হন দেজিরে দুয়ে। ভিডিও সহকারী রেফারির পর্যালোচনার পর পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। স্পটকিক থেকে ঠান্ডা মাথায় বল জালে পাঠিয়ে ফ্রান্সকে মূল্যবান জয় এনে দেন অধিনায়ক কিলিয়ান এমবাপে।

এটি চলতি বিশ্বকাপে এমবাপের সপ্তম গোল। একই সঙ্গে বিশ্বকাপ ইতিহাসে তার গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৯-এ। ফলে লিওনেল মেসির ২০ গোলের রেকর্ড স্পর্শ করতে এখন তার প্রয়োজন আর মাত্র একটি গোল।

Advertisement

এই জয়ে শেষ আটে উঠে গেছে ফ্রান্স। সেখানে তাদের প্রতিপক্ষ আফ্রিকার শক্তিশালী দল মরক্কো। কানাডাকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে আগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আশরাফ হাকিমি ও ব্রাহিম দিয়াজদের দল।

আগামী ৯ জুলাই দিনগত রাত ২টায় ফক্সবোরোর বোস্টন স্টেডিয়ামে মুখোমুখি হবে ফ্রান্স ও মরক্কো। ২০২২ কাতার বিশ্বকাপের সেমিফাইনালের পর আবারও বড় আসরে দেখা হচ্ছে দুই দলের। এবার অবশ্য লড়াইটি হবে কোয়ার্টার ফাইনালে জায়গা ধরে রেখে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করার জন্য।

বিশ্বকাপে আফ্রিকার একমাত্র প্রতিনিধি হিসেবে টিকে থাকা মরক্কো টানা দ্বিতীয়বার শেষ চারে ওঠার স্বপ্ন নিয়ে মাঠে নামবে। অন্যদিকে এমবাপের নেতৃত্বে ফ্রান্স চাইবে শিরোপা পুনরুদ্ধারের পথে আরও এক ধাপ এগিয়ে যেতে।

এসকেডি/এএমএ

Advertisement