যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লেবাননের পাশে থাকার আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জোসেফ আউন। এদিকে, ২ মার্চ থেকে শুরু হওয়া ইসরায়েলি সামরিক অভিযানে লেবাননে এখন পর্যন্ত ৪ হাজার ২৯০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। শনিবার (৪ জুলাই) যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উপলক্ষে ট্রাম্পকে পাঠানো এক শুভেচ্ছাবার্তায় এমন আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট জোসেফ।
Advertisement
তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও লেবাননের সম্পর্ক দীর্ঘদিনের এবং গভীরভাবে সম্পর্কিত। মানবিক ও সামাজিক মূল্যবোধের ভিত্তিতে গড়ে ওঠা এ সম্পর্ক ট্রাম্পের দৃঢ় সংকল্প এবং মধ্যপ্রাচ্য, বিশেষ করে লেবাননে স্থিতিশীলতা ও নিরাপত্তা ফিরিয়ে আনার প্রচেষ্টার কারণে নতুন গতি পাচ্ছে।
তিনি বলেন, লেবাননের ন্যায্য ও বৈধ দাবির পাশাপাশি দেশটির রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, সশস্ত্র বাহিনী ও জনগণের পাশে থাকুন যাতে আমরা যুদ্ধের অধ্যায় শেষ করে আশা, শান্তি ও স্থিতিশীলতার নতুন যুগের সূচনা করতে পারি।
গত ২৬ জুন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি কাঠামোগত চুক্তি স্বাক্ষর করে লেবানন ও ইসরায়েল। এতে ধাপে ধাপে লেবাননের ভূখণ্ড থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের পরিকল্পনা রয়েছে। প্রত্যাহার শুরু হবে দুটি পরীক্ষামূলক এলাকা থেকে যদিও এলাকাগুলো নাম বা অবস্থানগত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
Advertisement
চুক্তিতে ইসরায়েলি সেনা প্রত্যাহারের নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়নি। তবে, এটি নির্ভর করবে লেবাননের সেনাবাহিনী খালি হওয়া এলাকাগুলোর পূর্ণ নিরাপত্তা নিয়ন্ত্রণ গ্রহণ এবং বিশেষ করে হিজবুল্লাহসহ সশস্ত্র গোষ্ঠীগুলোর নিরস্ত্রীকরণের ওপর।
এর আগে, ২১ জুন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দক্ষিণ লেবাননে তথাকথিত ‘নিরাপত্তা অঞ্চল’ ধরে রাখার অঙ্গীকার করেন। তবে, ১৮ জুন কার্যকর হওয়া যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতায় লেবাননের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার নিশ্চয়তা অন্তর্ভুক্ত রয়েছে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২ মার্চ থেকে শুরু হওয়া ইসরায়েলি সামরিক অভিযানে এখন পর্যন্ত ৪ হাজার ২৯০ জনের বেশি নিহত হয়েছেন। এছাড়া ১২ হাজার ১৯০ জনেরও বেশি আহত এবং ১০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
সূত্র: আনাদোলু এজেন্সি
Advertisement
কেএম