খেলাধুলা

‘প্যারাগুয়ের বিপক্ষে আমি হলে চারটি লাল কার্ড দেখতাম’

বিশ্ব ফুটবলের কিংবদন্তি এবং বর্তমানে একটি মার্কিন টেলিভিশন চ্যানেলের ধারাভাষ্যকার জ্লাতান ইব্রাহিমোভিচ ফ্রান্সের শৃঙ্খলাবদ্ধ ও সাহসী পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করেছেন। শনিবার প্যারাগুয়ের বিপক্ষে ১-০ গোলের জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ফরাসিরা। ম্যাচ শেষে তাদের মানসিক দৃঢ়তার বিশেষ প্রশংসা করেন সাবেক এই সুইডিশ তারকা।

Advertisement

ম্যানচেস্টার ইউনাইটেড ও প্যারিস সেন্ট-জার্মেইয়ের সাবেক এই ফরোয়ার্ড বলেন, প্যারাগুয়ের কড়া মার্কিং ও বারবার উসকানিমূলক আচরণের মধ্যেও ফরাসি ফুটবলাররা ধৈর্য হারাননি।

ইব্রাহিমোভিচ বলেন, তাদের জন্য এটি ছিল ভিন্ন ধরনের পরীক্ষা। প্রতিপক্ষের উসকানিতে পা না দিয়ে শান্ত থাকা, নিজেদের নিয়ন্ত্রণে রাখা এবং প্যারাগুয়ের ফাঁদে না পড়াই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

এ সময় অনুষ্ঠানের উপস্থাপক রেবেকা লো জানতে চান, এমন পরিস্থিতিতে শান্ত থাকা কতটা কঠিন। জবাবে নিজের স্বভাবসুলভ রসিকতায় ইব্রাহিমোভিচ বলেন, হ্যাঁ, খুবই কঠিন। আমি হলে এই ম্যাচে চারটি লাল কার্ড দেখতাম। আর হয়তো কাউকে মাঠ থেকেই বের করে দিতাম!

Advertisement

এরপর তিনি আরও বলেন, আমি সবসময় আসল ফুটবল খেলতে পছন্দ করি। কেউ ইচ্ছাকৃতভাবে উসকানি দিলে সেটা আমার ভালো লাগে না। তবে এটাও খেলারই অংশ। ফ্রান্স দারুণ সংযম দেখিয়েছে। তারা শান্ত ছিল, প্রয়োজনীয় কাজটুকুই করেছে। হাসিমুখে খেলেছে, গোল করেছে, ম্যাচ জিতেছে এবং শেষে সমর্থকদের সঙ্গে উদযাপন করেছে। এটাই ছিল সবচেয়ে সুন্দর জবাব।

কোয়ার্টার ফাইনালে ওঠা ফ্রান্স আগামী বৃহস্পতিবার বোস্টনে মরক্কোর মুখোমুখি হবে।

আরআর/এসকেডি/এএমএ

Advertisement