আন্তর্জাতিক

অমিত শাহর পশ্চিমবঙ্গ সফরের আগেই শ্যামাপ্রসাদ মুখার্জীর মূর্তি ভাঙচুর

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পশ্চিমবঙ্গ সফরের আগেই শ্যামাপ্রসাদ মুখার্জীর একটি আবক্ষ মূর্তি ভাঙচুরের ঘটনা ঘটেছে। আগামীকাল সোমবার (৬ জুলাই) বিজেপির রাজ্য নেতাদের এটি উদ্বোধনের কথা ছিল।

Advertisement

ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। দলটির যুব সংগঠন ভারতীয় যুব মোর্চা অ্যামহার্স্ট থানায় এ বিষয়ে অভিযোগ করেছে। রোববার (৫ জুলাই) কলকাতা পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে দ্য স্টেটসম্যান।

পুলিশ জানায়, মধ্য কলকাতার সুকিয়া স্ট্রিট এলাকায় স্থাপিত মূর্তিটির বেদির নিচের অংশ ভাঙা অবস্থায় পাওয়া যায়। শ্যামাপ্রসাদ মুখার্জীর ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে এলাকায় মূর্তিটি স্থাপন করা হয়েছিল। শনিবার রাতেই বেদিতে নামফলক স্থাপনের কাজ শেষ হয়। তবে রোববার সকালে সেটি ক্ষতিগ্রস্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশ তদন্ত শুরু করে।

কলকাতা পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, ঘটনাটি সম্ভবত মধ্যরাতের পর ঘটেছে। দুষ্কৃতকারীদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে।

Advertisement

জানা গেছে, আগামীকাল সোমবার সংক্ষিপ্ত সফরে অমিত শাহের কলকাতায় পৌঁছানোর কথা রয়েছে। তিনি শ্যামাপ্রসাদ মুখার্জীর ১২৫তম জন্মবার্ষিকীর বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবেন।

বিজেপির কর্মসূচি অনুযায়ী, বিকেলে তিনি নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি ভবানীপুরে শ্যামাপ্রসাদ মুখার্জীর বাড়িতে যাবেন। এরপর তার মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর ইকো পার্ক-এ শ্যামাপ্রসাদ মুখার্জীর ১২৫ ফুট উচ্চতার একটি মূর্তির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। পরে তিনি বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে জন্মবার্ষিকীর মূল অনুষ্ঠানে যোগ দেবেন।

কেএম

Advertisement