খেলাধুলা

বিশ্বকাপে দুই ম্যাচ পরেই তিউনিসিয়ার দায়িত্ব ছাড়লেন হার্ভে রেনার্ড

২০২৬ বিশ্বকাপ শেষ হওয়ার পরই তিউনিসিয়া জাতীয় ফুটবল দলের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ফরাসি কোচ হার্ভে রেনার্ড। শনিবার (৪ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় নিজের বিদায়ের বিষয়টি নিশ্চিত করেন তিনি।

Advertisement

বিশ্বকাপের গ্রুপ পর্ব চলাকালীন তিউনিসিয়ার দায়িত্ব নেন রেনার্ড। সুইডেনের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে ৫-১ গোলের বড় পরাজয়ের পর সাবরি লামুশিকে বরখাস্ত করলে তার স্থলাভিষিক্ত হন এই অভিজ্ঞ কোচ। তবে শুরু থেকেই তার সঙ্গে তিউনিসিয়া ফুটবল ফেডারেশনের চুক্তি ছিল শুধুমাত্র বিশ্বকাপের বাকি অংশের জন্য। টুর্নামেন্ট শেষে দীর্ঘমেয়াদি চুক্তি নিয়ে আলোচনা হওয়ার কথা থাকলেও রেনার্ড আর দায়িত্বে না থাকার সিদ্ধান্ত জানিয়ে দেন।

বিদায়বার্তায় রেনার্ড বলেন, ‘২০২৬ বিশ্বকাপে তিউনিসিয়ার প্রতিনিধিত্ব করার সুযোগ দেওয়ার জন্য তিউনিসিয়া ফুটবল ফেডারেশনকে আন্তরিক ধন্যবাদ জানাই। এটি আমার জন্য বড় সম্মানের ছিল এবং এক অবিস্মরণীয় অভিজ্ঞতা। আমি বিশ্বাস করি, তিউনিসিয়া ভবিষ্যতে আরও এগিয়ে যাবে, পুরো জাতিকে আনন্দ দেবে এবং তাদের ইতিহাসে নতুন গৌরবময় অধ্যায় যোগ করবে। এই যাত্রায় যারা পাশে ছিলেন, সবাইকে ধন্যবাদ। আমার পথচলা এখানেই শেষ।’

গত ১৬ জুন রেনার্ডের নিয়োগের ঘোষণা দেয় তিউনিসিয়া ফুটবল ফেডারেশন। তবে তার অধীনে দলটি প্রত্যাশিত সাফল্য পায়নি। বিশ্বকাপের গ্রুপ পর্বে জাপানের কাছে ৪-০ এবং নেদারল্যান্ডসের কাছে ৩-১ গোলে হেরে বিদায় নেয় আফ্রিকার প্রতিনিধিরা। পুরো গ্রুপ পর্বে তিনটি ম্যাচেই হেরে মাত্র দুটি গোল করতে সক্ষম হয় তিউনিসিয়া।

Advertisement

আরআর/এসকেডি/এএসএম