খাবার অর্ডার করতে আলাদা অ্যাপ খোলার ঝামেলা কমাতে নতুন সুবিধা আনতে যাচ্ছে গুগল। প্রযুক্তি সংস্থাটি তাদের জনপ্রিয় নেভিগেশন প্ল্যাটফর্ম গুগল ম্যাপে এমন একটি কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর ফিচার যুক্ত করার কাজ করছে, যার মাধ্যমে ব্যবহারকারীরা সরাসরি ম্যাপ থেকেই পছন্দের রেস্তোরাঁ থেকে খাবার অর্ডার করতে পারবেন।
Advertisement
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট অ্যাড্রয়েট অথোরিটির প্রতিবেদনে বলা হয়েছে, গুগল ম্যাপের নতুন অ্যান্ড্রয়েড সংস্করণের কোডে আস্ক ম্যাপস ফুড অর্ডারিং প্রমো নামে একটি নতুন ফিচারের উল্লেখ মিলেছে। যদিও গুগল এখনও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি, তবে কোড বিশ্লেষণ থেকে ধারণা করা হচ্ছে, ফিচারটির উন্নয়নকাজ চলছে।
এই এআই ফিচারের অন্যতম সুবিধা হবে ব্যক্তিগত পছন্দ অনুযায়ী দ্রুত খাবার বেছে নেওয়ার সুযোগ। ধরুন, আপনি নিয়মিত একটি নির্দিষ্ট রেস্তোরাঁ থেকে খাবার অর্ডার করেন। সে ক্ষেত্রে এআই আপনার আগের অর্ডারের ইতিহাস বিশ্লেষণ করে সেই রেস্তোরাঁ বা অনুরূপ খাবারের পরামর্শ দিতে পারবে। ফলে অর্ডার করতে কম সময় লাগবে এবং পুরো প্রক্রিয়াটি হবে আরও সহজ।
আরও পড়ুন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল খবরের সত্যতা যাচাই করবে গুগলতবে একটি বিষয় নিশ্চিত করা হয়েছে এআই নিজে থেকে কোনো অর্থ পরিশোধ করবে না। খাবারের অর্ডার চূড়ান্ত করার আগে ব্যবহারকারীর অনুমতি বাধ্যতামূলক থাকবে। অর্থাৎ, আপনার সম্মতি ছাড়া কোনও লেনদেন সম্পন্ন হবে না।
Advertisement
অন্যদিকে, এই সুবিধাকে ঘিরে গোপনীয়তা নিয়েও প্রশ্ন উঠেছে। যদি গুগল ব্যবহারকারীর খাবার অর্ডারের তথ্য সংরক্ষণ করে, তাহলে তার খাদ্যাভ্যাস, প্রিয় রেস্তোরাঁ, খরচের ধরন কিংবা অর্ডারের সংখ্যা সম্পর্কেও বিস্তারিত তথ্য সংগ্রহ করতে পারবে। এছাড়া এআই-এর সুপারিশে বিজ্ঞাপনদাতা বা বেশি জনপ্রিয় রেস্তোরাঁগুলো অগ্রাধিকার পেতে পারে বলেও আশঙ্কা করছেন কেউ কেউ।
নিরাপত্তার বিষয়টিও গুরুত্বপূর্ণ। যদি কোনোভাবে কারো গুগল অ্যাকাউন্ট অন্যের নিয়ন্ত্রণে চলে যায়, তাহলে সেই ব্যক্তি ব্যবহারকারীর নামে খাবার অর্ডার করার চেষ্টা করতে পারে। তাই শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার, টু-ফ্যাক্টর অথেনটিকেশন চালু রাখা এবং অ্যাকাউন্টের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
গুগল ম্যাপসের সম্ভাব্য এই এআই ফুড অর্ডারিং ফিচার ব্যবহারকারীদের জন্য নতুন সুবিধার দ্বার খুলতে পারে। তবে প্রযুক্তির সুবিধা গ্রহণের পাশাপাশি ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা ও অ্যাকাউন্টের নিরাপত্তার দিকেও সমান গুরুত্ব দেওয়া প্রয়োজন।
আরও পড়ুন এখন নোটপ্যাডেও পাবেন ইমেজ সাপোর্টকেএসকে
Advertisement