খেলাধুলা

ইংল্যান্ড ম্যাচের আগে মেক্সিকো সিটিতে প্রকাশ্যে মদ বিক্রিতে নিষেধাজ্ঞা

মেক্সিকো বনাম ইংল্যান্ড ম্যাচকে ঘিরে জোরদার প্রস্তুতি নিচ্ছে মেক্সিকো সিটি প্রশাসন। শহরের খেলা দেখার জন্য নির্ধারিত বিভিন্ন স্থানে জনসমাগম সীমিত করার পাশাপাশি মদের ওপর নির্দিষ্ট সময়ের জন্য আরোপ করা হয়েছে নিষেধাজ্ঞা।

Advertisement

ইকুয়েডরের বিপক্ষে জয়ের পর মেক্সিকোর উদযাপনের সময় চার সমর্থকের মৃত্যুর ঘটনায় বিশ্বকাপের শেষ ষোলোর মেক্সিকো বনাম ইংল্যান্ড ম্যাচ সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা দ্বিগুণ করা হয়েছে। পাশাপাশি ‘অ্যাঞ্জেল অব ইনডিপেনডেন্স’ স্মৃতিস্তম্ভ এবং মেক্সিকো সিটির প্রধান চত্বরের ফ্যান ফেস্টে দর্শকসংখ্যা সীমিত রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

শুক্রবার মেক্সিকো সিটির মেয়র ক্লারা ব্রুগাদা ম্যাচের আগে ও পরের নিরাপত্তা পরিকল্পনা ঘোষণা করেন। তিনি জানান, শ্বাসরোধ ও হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে চার সমর্থকের মৃত্যুর ঘটনার পর এসব অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

মেয়র ক্লারা ব্রুগাদা সাংবাদিকদের জানান, রোববার মনুমেন্ট টু ইন্ডিপেনডেন্স, যা সাধারণভাবে ‘অ্যাঞ্জেল’ নামে পরিচিত এবং জোকালো চত্বরে প্রবেশ সবার জন্য উন্মুক্ত থাকবে। তবে নিরাপত্তার স্বার্থে নির্ধারিত সংখ্যার বেশি মানুষকে প্রবেশ করতে দেওয়া হবে না।

Advertisement

অন্যদিকে মেক্সিকো সিটির সরকারবিষয়ক সচিব সিজার ক্রাভিওতো জানান, ৫ জুলাই ভোর থেকে পরদিন পর্যন্ত শহরের কেন্দ্রস্থলের রাস্তায় মদজাতীয় পানীয় বিক্রি নিষিদ্ধ থাকবে। তবে ভোজসভা কক্ষ, রেস্তোরাঁ, হোটেল, ব্যক্তিগত ক্লাব, সিনেমা হল, থিয়েটার ও অডিটোরিয়ামে মদপানের অনুমতি থাকবে।

আরএএইচইউএল/এমএমা্র