দেশজুড়ে

ভূমি সেবায় অতিরিক্ত ফি আদায়, ব্যবসায়ীকে জরিমানা

পটুয়াখালীর মির্জাগঞ্জে ভূমি সেবা দেওয়ার নামে সরকার নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

Advertisement

রোববার (৫ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার সুবিদখালী সরকারি রহমান ইসহাক পাইলট মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল মুন্সির নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার বুনোফুল কম্পিউটার নামের একটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী রুবেল হাওলাদার দীর্ঘদিন ধরে ই-নামজারিসহ (মিউটেশন) বিভিন্ন ভূমি সংক্রান্ত ডিজিটাল সেবার বিপরীতে সরকার নির্ধারিত ফির চেয়ে বেশি অর্থ আদায় করে আসছিলেন বলে অভিযোগ ছিল। এতে সাধারণ সেবাগ্রহীতারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত ও হয়রানির শিকার হচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে অভিযোগের সত্যতা ও প্রয়োজনীয় প্রমাণ পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালতে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল মুন্সি বলেন, ‌‘সরকার নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ আদায়ের প্রমাণ পাওয়ায় রুবেল হাওলাদারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য তাকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে।’

Advertisement

মাহমুদ হাসান রায়হান/এসআর