শেষ ষোলোতে ব্রাজিলের বিদায়ে যখন হতাশায় ডুবে কোটি কোটি সমর্থক। ঠিক তখনই উচ্ছ্বাসে মেতে উঠলেন দেশের জনপ্রিয় অভিনেত্রী ও আর্জেন্টিনা-সমর্থক মেহজাবীন চৌধুরী। যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে বসেই তিনি সরাসরি উপভোগ করেন ব্রাজিল-নরওয়ে ম্যাচ, আর শেষ বাঁশি বাজার পর প্রকাশ করেন নিজের আনন্দ।
Advertisement
ম্যাচে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। তবে খেলা শুরুর আগেই সামাজিক মাধ্যমে ব্রাজিলকে উদ্দেশ্য করে একাধিক মজার পোস্ট করেন মেহজাবীন।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে গ্যালারি থেকে তোলা কয়েকটি ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘ব্রাজিলকে দু-একটা ফুটবলের টিপস দিতে এলাম। আমি কিন্তু আর্জেন্টিনা।’
স্টেডিয়ামে লাল টপস ও সবুজ স্কার্টে দেখা যায় অভিনেত্রীকে। তার হাতে ছিল বাংলাদেশের জাতীয় পতাকাও। ম্যাচ চলাকালে ভক্তদের সঙ্গে মজার ছলে আরেকটি পোস্টে তিনি লেখেন, ‘তোমার ফোনের চার্জ যত পার্সেন্ট, মানে ব্রাজিলের হারার চান্স! কমেন্ট দ্য পার্সেন্টেজ।’ পোস্টটি প্রকাশের পরপরই মন্তব্যের ঘরে শুরু হয় ভক্তদের হাস্যরসপূর্ণ প্রতিক্রিয়া।
Advertisement
ম্যাচ শেষ হওয়ার পর নিজের উচ্ছ্বাস আর লুকিয়ে রাখেননি মেহজাবীন। দুই হাত উঁচিয়ে উদযাপনের একটি ভিডিও শেয়ার করেন তিনি। ভিডিওটির পেছনে স্টেডিয়ামের বিশাল স্ক্রিনে ভেসে উঠছিল নরওয়ের জয় এবং ব্রাজিলের বিদায়ের দৃশ্য। ক্যাপশনে মাত্র দুটি শব্দ লিখেছেন—‘বাই বাই ব্রাজিল।’
মেহজাবীনের এসব পোস্ট মুহূর্তেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। অনেক আর্জেন্টিনা সমর্থক তার সঙ্গে আনন্দ ভাগাভাগি করেন, আবার ব্রাজিলভক্তদের কেউ কেউ সমালোচনাও করেন। তবে ফুটবল বিশ্বের দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের দীর্ঘদিনের খুনসুটি ও ট্রল সংস্কৃতিরই আরেকটি উদাহরণ হিসেবে দেখছেন অনেকেই।
২০২৬ ফিফা বিশ্বকাপ মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে ২-১ গোলে ব্রাজিলকে হারিয়ে ইতিহাস গড়ে প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করেছে নরওয়ে। অন্যদিকে, শিরোপার অন্যতম দাবিদার হিসেবে বিবেচিত ব্রাজিলকে বিদায় নিতে হয়েছে শেষ ষোলো থেকেই।
এমআই/জেআইএম
Advertisement