রাজনীতি

কে কী পেলেন সে বিষয়টি বড় নয়, সবার আগে বাংলাদেশ: দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ব্যক্তিগত মান-অভিমান কিংবা পাওয়া না-পাওয়ার হিসাবের চেয়ে দেশের স্বার্থকে প্রাধান্য দিতে হবে। বাংলাদেশকে সমৃদ্ধ করা, কৃষক-শ্রমিকের পাশে দাঁড়ানো, বেকারত্ব দূর করা এবং আইনশৃঙ্খলা প্রতিষ্ঠার মাধ্যমে গণতন্ত্রকে আরও সুসংহত করতে হবে।

Advertisement

দুদু বলেন, এখন এমন একটি সময় এসেছে, যখন তারেক রহমানের নেতৃত্ব শক্তিশালী করতে হবে। ব্যক্তিগত অভিমান বা কে কী পেলেন সে বিষয়টি বড় নয়, সবার আগে বাংলাদেশ। দেশের স্বার্থে কোনো আপস করা যাবে না।

সোমবার (৬ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে ২০১১ সালে ৬ জুলাই জাতীয় সংসদের সামনে বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জয়নুল আবদিন ফারুকের ওপর হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ঢাকাস্থ সেনবাগ জাতীয়তাবাদী ফোরাম এই সভার আয়োজন করে।

দুদু বলেন, বাংলাদেশকে সমৃদ্ধ করতে হলে গরিব মানুষের পাশে দাঁড়াতে হবে। কৃষক, শ্রমিক ও বেকারদের সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে দেশে আইনশৃঙ্খলা প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক পরিবেশ ধরে রাখার ওপর জোর দেন তিনি।

Advertisement

আরও পড়ুন রাষ্ট্রদূত মুশফিক / প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত যে কোনো ছবির চেয়ে শক্তিশালী

বিএনপির ভাইস চেয়ারম্যান অভিযোগ করেন, একটি বিশেষ মহল সরকার, বিএনপি ও দলটির নেতাদের বিরুদ্ধে অপপ্রচার চালানোর চেষ্টা করছে। এ বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকলেই এসব অপপ্রচার মোকাবিলা করা সম্ভব।

জয়নাল আবদিন ফারুকের ওপর ২০১১ সালে হামলার প্রসঙ্গ তুলে সাবেক এই সংসদ সদস্য বলেন, প্রকাশ্যে একজন সংসদ সদস্যের ওপর এমন হামলা দেশের রাজনৈতিক ইতিহাসে একটি ন্যক্কারজনক ঘটনা। ওই হামলার বিচার হলে গণতন্ত্রের পূর্ণ বিকাশের প্রতিফলন দেখা যাবে।

তিনি আরও বলেন, অতীতে বিএনপির সভা-সমাবেশ করা ছিল অত্যন্ত কঠিন। সভা শেষে কে বাড়ি ফিরবেন আর কে কারাগারে যাবেন, সেই অনিশ্চয়তার মধ্যেও নেতাকর্মীরা আন্দোলন চালিয়ে গেছেন।

শামসুজ্জামান দুদু বলেন, দেশের উন্নয়ন, গণতন্ত্র এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রশ্নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। ব্যক্তিগত স্বার্থের চেয়ে দেশের স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার বিকল্প নেই।

Advertisement

সভায় সংসদ সদস্য শাম্মী আক্তার, আয়োজক সংগঠনের সভাপতি এ বি এম ফারুক, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, ইসমাইল হোসেন সিরাজীসহ অন্যরা উপস্থিত ছিলেন।

কেএইচ/ইএ