জাতীয়

‘যুবকরা ঐক্যবদ্ধ হলে অর্ধেক দুর্নীতি কমানো সম্ভব’

দেশের সাড়ে তিন কোটি যুবক দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হলে অন্তত ৫০ শতাংশ দুর্নীতি নিয়ন্ত্রণ করা সম্ভব বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) মানি লন্ডারিং বিভাগের মহাপরিচালক মো. মোকাম্মেল হক।

Advertisement

সোমবার (৬ জুলাই) দুদকের তদন্ত-২ বিভাগের মহাপরিচালক মোতাহার হোসেনের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে মোকাম্মেল হক এ কথা বলেন।

দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে যুবসমাজের অংশগ্রহণ সবচেয়ে গুরুত্বপূর্ণ জানিয়ে তিনি বলেন, তরুণদের সম্পৃক্ত করা গেলে দুর্নীতিবিরোধী লড়াই আরও কার্যকর হবে।

তার মতে, শুধু দুদকের একার পক্ষে দুর্নীতি নিয়ন্ত্রণ সম্ভব নয়; এজন্য সমাজের সর্বস্তরের মানুষের, বিশেষ করে যুবসমাজের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।

Advertisement

অনুষ্ঠানে বিদায়ী বক্তব্যে তদন্ত-২ বিভাগের মহাপরিচালক মোতাহার হোসেন বলেন, দেশের স্বার্থে দুদককে একটি শক্তিশালী ও কার্যকর প্রতিষ্ঠান হিসেবে টিকিয়ে রাখতে হবে।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে দায়িত্ব পালনের সময় মানসিক চাপের মধ্যে কাজ করতে হলেও বর্তমানে কাজের পরিবেশ অনেকটাই ইতিবাচক হয়েছে।

সম্প্রতি সরকার মোতাহার হোসেনকে যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে। তার বিদায়ী সংবর্ধনায় দুদকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসএম/এমআইএইচএস

Advertisement