স্বাস্থ্য

পরিবেশ ও জনস্বাস্থ্য উন্নয়নে আইসিডিডিআর,বি-পরিবেশ অধিদপ্তরের সমঝোতা

দেশের পরিবেশগত ও জনস্বাস্থ্যগত বিভিন্ন গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ যৌথভাবে মোকাবিলা করতে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি) এবং বাংলাদেশ সরকারের পরিবেশ অধিদপ্তর।

Advertisement

সম্প্রতি এক অনুষ্ঠানে আইসিডিডিআর,বি-এর নির্বাহী পরিচালক ড. তাহমিদ আহমেদ এবং পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. লুৎফর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই সমঝোতা স্মারকে সই করেন।

এই অংশীদারত্বের আওতায় পরিবেশ অধিদপ্তরের নীতিনির্ধারণী নেতৃত্ব এবং আইসিডিডিআর,বি-এর বৈজ্ঞানিক দক্ষতার সমন্বয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে যৌথভাবে প্রমাণভিত্তিক গবেষণা পরিচালিত হবে।

গবেষণার মূল ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য ঝুঁকি বায়ুদূষণ ও পরিবেশগত নজরদারি পরিবেশ দূষণকারী উপাদান অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সংশ্লিষ্ট অংশীজনদের সক্ষমতা উন্নয়ন।

সংশ্লিষ্টরা জানান, এসব যৌথ গবেষণার ফলাফল দেশের পরিবেশ ও স্বাস্থ্যবিষয়ক কার্যকর নীতিনির্ধারণে সরাসরি সহায়তা করবে এবং টেকসই সমাধান উদ্ভাবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Advertisement

অনুষ্ঠানে আইসিডিডিআর,বি-এর এনভায়রনমেন্টাল হেলথ অ্যান্ড ওয়াশ ইউনিটের প্রকল্প সমন্বয়কারী মাহবুবুর রহমান দুই প্রতিষ্ঠানের পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন। পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো. জিয়াউল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চুক্তি সইকালে ড. তাহমিদ আহমেদ এবং ড. মো. লুৎফর রহমান আশাবাদ ব্যক্ত করে বলেন, দুই প্রতিষ্ঠানের এই ঘনিষ্ঠ সহযোগিতার মাধ্যমে উচ্চমানের বৈজ্ঞানিক প্রমাণ তৈরি করা সম্ভব হবে, যা পরিবেশ ও জনস্বাস্থ্যবিষয়ক নীতিনির্ধারণকে আরও শক্তিশালী করবে। চূড়ান্ত বিচারে এটি বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে ইতিবাচক পরিবর্তন বয়ে আনবে।

বিজ্ঞানভিত্তিক জ্ঞানকে বাস্তব পদক্ষেপে রূপ দিয়ে একটি সুস্থ, পরিবেশবান্ধব এবং জলবায়ু-সহনশীল বাংলাদেশ গড়ে তুলতে উভয় প্রতিষ্ঠান একসঙ্গে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছে।

এসইউজে/এমআইএইচএস

Advertisement