তথ্যপ্রযুক্তি

ইনস্টাগ্রামে রিচ কম, পোস্টের সময় এই ভুল করছেন না তো

বর্তমানে শুধু ছবি বা ভিডিও শেয়ার করার মাধ্যম নয়, অনেকের জন্য আয়ের অন্যতম প্ল্যাটফর্ম হয়ে উঠেছে ইনস্টাগ্রাম। কেউ ব্যক্তিগত ব্র্যান্ড তৈরি করছেন, কেউ আবার ব্যবসার প্রচার করছেন এই সামাজিক যোগাযোগমাধ্যমে। কিন্তু নিয়মিত পোস্ট করেও অনেকের অভিযোগ রিচ বাড়ছে না, নতুন ফলোয়ার আসছে না, এনগেজমেন্টও প্রত্যাশা অনুযায়ী মিলছে না।

Advertisement

অনেক সময় এর পেছনে অ্যালগরিদম নয়, বরং ক্রিয়েটরদের কিছু সাধারণ ভুলই দায়ী থাকে। ইনস্টাগ্রামের সাম্প্রতিক নির্দেশনা ও বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, রিচ বাড়াতে নিচের বিষয়গুলো মাথায় রাখা জরুরি।

অপ্রয়োজনীয় হ্যাশট্যাগ ব্যবহার করবেন না

একসময় বেশি সংখ্যক হ্যাশট্যাগ ব্যবহার করাকে রিচ বাড়ানোর কার্যকর উপায় মনে করা হতো। তবে এখন ইনস্টাগ্রামের অ্যালগরিদম অনেক বেশি স্মার্ট। হ্যাশট্যাগের সংখ্যা নয়, বরং পোস্টের বিষয়বস্তুর সঙ্গে মিল থাকা প্রাসঙ্গিক কী-ওয়ার্ড, স্পষ্ট ক্যাপশন এবং মানসম্মত কনটেন্টকে বেশি গুরুত্ব দেওয়া হয়। তাই অযথা অনেক হ্যাশট্যাগ যোগ করার বদলে প্রয়োজনীয় ও প্রাসঙ্গিক শব্দ ব্যবহার করাই ভালো।

আরও পড়ুন সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর কন্টেন্ট আপলোড করছেন? সাবধান হোন প্রতিদিন পোস্ট করলেই সফলতা মিলবে-এ ধারণা ভুল

অনেকেই মনে করেন, প্রতিদিন পোস্ট না করলে রিচ কমে যায়। বাস্তবে বিষয়টি এমন নয়। ধারাবাহিকতা গুরুত্বপূর্ণ হলেও নিম্নমানের কনটেন্ট প্রতিদিন প্রকাশ করার চেয়ে সপ্তাহে কয়েকটি ভালো মানের পোস্ট করা বেশি কার্যকর। দর্শককে মূল্য দিতে পারে এমন কনটেন্টই দীর্ঘমেয়াদে ভালো ফল দেয়।

Advertisement

কম ভিউ দেখে দ্রুত পোস্ট মুছে ফেলবেন না

পোস্ট করার কয়েক ঘণ্টার মধ্যে প্রত্যাশিত লাইক বা ভিউ না পেলে অনেকে সেটি ডিলিট করে আবার আপলোড করেন। এতে কাঙ্ক্ষিত ফল পাওয়ার নিশ্চয়তা নেই। বরং কোন বিষয়টি দর্শকদের আকৃষ্ট করতে পারেনি, সেটি বিশ্লেষণ করুন। পরবর্তী পোস্টে সেই অভিজ্ঞতা কাজে লাগালে ভালো ফল পাওয়ার সম্ভাবনা বাড়বে।

ভালো কনটেন্টের জন্য দামি ক্যামেরা বাধ্যতামূলক নয়

অনেকে মনে করেন, পেশাদার ক্যামেরা ছাড়া ভাইরাল হওয়া সম্ভব নয়। বাস্তবে ইনস্টাগ্রামের অসংখ্য জনপ্রিয় রিলস সাধারণ স্মার্টফোন দিয়েই তৈরি হয়েছে। পরিষ্কার ভিডিও, ভালো আলো, স্পষ্ট শব্দ এবং আকর্ষণীয় উপস্থাপনাই বেশি গুরুত্বপূর্ণ। তাই সরঞ্জামের চেয়ে কনটেন্টের মানের দিকে বেশি মনোযোগ দিন।

সব দোষ ‘শ্যাডোব্যান’-এর ওপর চাপাবেন না

রিচ কমে গেলেই অনেকেই ধরে নেন, তাদের অ্যাকাউন্ট শ্যাডোব্যান হয়েছে। কিন্তু প্রতিবার এমনটা হয় না। দর্শকের আগ্রহের পরিবর্তন, প্রতিযোগিতা বৃদ্ধি বা কনটেন্টের মান কমে যাওয়ার কারণেও রিচ কমতে পারে। যদি সত্যিই কোনো নীতিমালা লঙ্ঘনের কারণে সীমাবদ্ধতা থাকে, তাহলে ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট স্ট্যাটাস অপশনে সেটি দেখা যাবে। তাই অযথা শ্যাডোব্যান নিয়ে উদ্বিগ্ন না হয়ে আগে অ্যাকাউন্টের অবস্থা যাচাই করুন।

রিচ বাড়াতে কী করবেন? দর্শকের আগ্রহ অনুযায়ী মৌলিক ও মানসম্মত কনটেন্ট তৈরি করুন। প্রাসঙ্গিক কী-ওয়ার্ড ও স্বাভাবিক ক্যাপশন ব্যবহার করুন। নির্দিষ্ট সময় মেনে ধারাবাহিকভাবে পোস্ট করুন। রিলস ও ছবির ভিডিও কোয়ালিটি এবং অডিও পরিষ্কার রাখুন। প্রতিটি পোস্টের পারফরম্যান্স বিশ্লেষণ করে পরবর্তী কনটেন্টে প্রয়োজনীয় পরিবর্তন আনুন।

ইনস্টাগ্রামে সফল হওয়ার কোনো শর্টকাট নেই। তবে ছোট ছোট ভুল এড়িয়ে পরিকল্পনা অনুযায়ী কনটেন্ট তৈরি করতে পারলে ধীরে ধীরে রিচ, এনগেজমেন্ট এবং ফলোয়ার সবই বাড়তে শুরু করবে।

Advertisement

আরও পড়ুন ইনস্টাগ্রামে ‘সুইসাইড’ সার্চ করলেই ফোনে অ্যালার্ট পাবেন অভিভাবক

কেএসকে