খেলাধুলা

যুক্তরাষ্ট্রের ‘ট্রাম্প কার্ড’কেও হারালো বেলজিয়াম!

ফিফা যেন জুলাই মাসে ‘এপ্রিল ফুল’ উপহার দিলো! যুক্তরাষ্ট্রের ফোলারিন বালোগানের লাল কার্ড উঠায় দেওয়াতে ফিফার উদ্দেশ্যে এই মন্তব্য করেছিলেন বেলজিয়াম কোচ রুডি গার্সিয়া। লাল কার্ড বা হলুদ কার্ডের নিষেধাজ্ঞা খেলোয়াড় বা দলের আপিলে অনেক সময় প্রত্যাহার করা হয়। কিন্তু বালোগানের নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রক্রিয়া নিয়েই মূল ঝামেলা। ফিফাকে চারদিক থেকে সমালোচনার মধ্যে পড়তে হয়েছে এ কারণেই।

Advertisement

সিয়াটলে যুক্তরাষ্ট্রকে ৪–১ গোলের বড় ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে গেছে বেলজিয়াম। ম্যাচের আগে আলোচনায় ছিলেন বালোগান। শেষ ৩২ রাউন্ডের ম্যাচে লাল কার্ড দেখায় শেষ ষোলোর ম্যাচে নিষিদ্ধ ছিলেন বালোগান।

মূলত বসনিয়ার বিপক্ষে ২-০ গোলের জয়ে দ্বিতীয়ার্ধে তারিক মুহারেমোভিচের গোড়ালিতে বুট দিয়ে আঘাত করার দায়ে ভিএআর পর্যালোচনার পর বালোগানকে লাল কার্ড দেখানো হয়। যুক্তরাষ্ট্র দলের কোচ মরিসিও পচেত্তিনো দাবি করেছিলেন, এটি লাল কার্ড পাওয়ার মতো অপরাধ ছিল না।

এরপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিফাকে এই নিষেধাজ্ঞা পুনর্বিবেচনা করার অনুরোধ করেন। পরে ফিফা সভাপতি নিজেই জানান যে, মার্কিন প্রেসিডেন্টের ফোনকল পেয়েছিলেন তিনি।

Advertisement

পরে ট্রাম্প নিজেও এটা স্বীকার করেন, ‘আমি কেবল পুনর্বিবেচনা করার জন্য বলেছিলাম। কারণ, আমার মনে হয়নি ওটা কোনো ফাউল ছিল। আর সত্যি বলতে, এসব বিষয় আমি ভালোই বুঝি। আমার কাছে ওটা ফাউল মনে হয়নি। আমার মনে হয়েছে দুজন দুর্দান্ত খেলোয়াড় একে অপরের সঙ্গে ধাক্কা খেয়ে জড়িয়ে পড়েছিলেন।’

তবে স্বাগতিক দেশের প্রেসিডেন্ট কোনো সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য ফিফা সভাপতিকে কল দিতে পারেন কিনা এ নিয়ে চূড়ান্ত সমালোচনা শুরু হয়। নজীরবিহীনভাবে ফিফা বালোগানের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে। যদিও তারা ব্যাখায় জানিয়েছিল, ‘ফিফা ডিসিপ্লিনারি কোডের ২৭ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী ফ্লোরিয়ান বালোগুনের স্বয়ংক্রিয় এক ম্যাচের নিষেধাজ্ঞা এক বছরের প্রবেশন বা পর্যবেক্ষণকাল পর্যন্ত স্থগিত রাখা হয়েছে।’

এই সিদ্ধান্তের অবশ্য তাৎক্ষনিক প্রতিবাদ জানিয়েছিল বেলজিয়াম। এক বিবৃতিতে আরবিএফএ জানায়, ‘গণমাধ্যমের মাধ্যমে ফিফার বালোগুনের স্বয়ংক্রিয় নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত জানার পর আমরা ফিফাকে একটি চিঠি পাঠাই। সেখানে সিদ্ধান্তের কপি, কী প্রক্রিয়ায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার ব্যাখ্যা এবং প্রযোজ্য নিয়মাবলি নিয়ে আমাদের অবস্থান তুলে ধরা হয়।’

তবে তাদের অভিযোগ, ফিফা এসব প্রশ্নের উত্তর না দিয়ে উল্টো ওই চিঠিকেই আপিল হিসেবে বিবেচনা করে।

Advertisement

বিবৃতিতে বলা হয়, ‘ফিফা আমাদের জানায় যে তারা এই চিঠিকে আপিল হিসেবে গ্রহণ করেছে, একজন বিচারক নিয়োগ করা হয়েছে এবং আপিল সম্পন্ন করার জন্য আমাদের হাতে মাত্র কয়েক ঘণ্টা সময় রয়েছে। কিন্তু এ বিষয়ে কোনো তথ্যই তারা দেয়নি।’

তবে আপিলে ফিফা সাড়া না দিলেও বেলজিয়ামের ফুটবলাররা মাঠে যুক্তরাষ্ট্রকে স্রেফ উড়িয়ে দিয়েছে। ৪-১ গোলের জয়ে পাত্তাই পায়নি স্বাগতিকরা। আর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে খেলা বালোগান ছিলেন নিজের ছায়া হয়ে। পুরো নব্বই মিনিটে মাত্র ১৯ বার বলে স্পর্শ করতে পেরেছেন তিনি। ফলে যুক্তরাষ্ট্রের ‘ট্রাম্প কার্ড’কেও পরাস্ত করেছে বেলজিয়াম।

এসকেডি/এএসএম