স্বাস্থ্য

সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা বিনামূল্যে

দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় সাধারণ মানুষের জন্য বিশেষ সুবিধার ঘোষণা দিয়েছে সরকার। দেশের সব সরকারি হাসপাতালে ডেঙ্গু রোগ নির্ণয়ের প্রধান পরীক্ষা ‘নন-স্ট্রাকচারাল প্রোটিন ১’ (এনএসওয়ান) আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

Advertisement

রোববার (৫ জুলাই) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার উপসচিব কাজী শরিফ উদ্দিন আহমেদের সই করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।

আরও পড়ুন ডেঙ্গু জ্বরে কখন কী টেস্ট করাতে হয়?

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সরকারি হাসপাতালে ডেঙ্গু রোগ দ্রুত ও সঠিকভাবে নির্ণয়ের লক্ষ্যে এনএসওয়ান (NS1) পরীক্ষাটি আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বিনামূল্যে করার পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

যাদের নির্দেশনা পাঠানো হয়েছে

দেশের সাধারণ মানুষ যাতে এই সুবিধা সহজেই পেতে পারেন সেজন্য বিষয়টি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এরই মধ্যে সারাদেশের সব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সব সরকারি দপ্তরে চিঠি পাঠানো হয়েছে।

Advertisement

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু জ্বরের প্রথম এক থেকে তিন দিনের মধ্যে এনএসওয়ান পরীক্ষাটি করা হলে শরীরে ভাইরাসের উপস্থিতি দ্রুত শনাক্ত করা সম্ভব হয়। সরকারের এই সিদ্ধান্তের ফলে সাধারণ ও নিম্নআয়ের মানুষ আর্থিক চাপ ছাড়াই দ্রুত চিকিৎসাসেবা নেওয়ার সুযোগ পাবেন, যা ডেঙ্গুজনিত মৃত্যুহার কমাতে ভূমিকা রাখবে।

এসইউজে/এমআইএইচএস