দেশজুড়ে

এনসিপির সমাবেশে বিস্ফোরণ মামলায় যুবলীগের দুই নেতাকর্মী গ্রেফতার

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে বিস্ফোরণের ঘটনায় জড়িত সন্দেহে নিষিদ্ধ সংগঠন যুবলীগের দুই নেতাকর্মীকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

Advertisement

মঙ্গলবার (৭ জুলাই) তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

এর আগে সোমবার (৬ জুলাই) রাত পৌনে ১০টার দিকে সাভার থানা স্ট্যান্ড ঈদগাহ মাঠে এনসিপির পদযাত্রা পরবর্তী সমাবেশস্থলে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় চারজন আহত হন।

ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীন বলেন, ‘এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের আজ আদালতে পাঠানো হয়েছে।’

Advertisement

গ্রেফতার দুজন হলেন মানিকগঞ্জের সিংগাইর থানা এলাকার পূর্ব ভাকুম গ্রামের মৃত সুলতান ফকিরের ছেলে নুরুল ইসলাম (৫২) এবং সাভার পৌর এলাকার আনন্দপুর মহল্লার আব্দুল জলিলের ছেলে মো. সজীব (৩২)।

পুলিশ জানিয়েছে, তারা দুজনই সাভারের আনন্দপুর মহল্লায় বসবাস করতেন। এর মধ্যে নুরুল ইসলাম সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি এবং যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক। সজীব যুবলীগ কর্মী।

বিস্ফোরণের ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা করেছেন এনসিপির ঢাকা জেলা উত্তরের সদস্য সচিব সালামত উল্লাহ রনি। মামলায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার রাতে সাভারের তারাপুর মাঠে এনসিপির পূর্ব ঘোষিত জুলাই পদযাত্রার সমাবেশে ককটেল বিস্ফোরণ ঘটনায় দুর্বৃত্তরা। এতে তিন নেতাকর্মী আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

Advertisement

এ ঘটনায় ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস) জাহাঙ্গীর আলমকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করেছেন। কমিটির সদস্যরা হলেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস ও ট্রাফিক উত্তর) মো. জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) রাকিবুল হাসান ইশান এবং সাভার মডেল থানার পরিদর্শক (ওসি ইন্টেলিজেন্স) নূর মোহাম্মদ।

মাহফুজুর রহমান নিপু/এসআর/জেআইএম