আন্তর্জাতিক

বিতর্কিত দ্বীপ ঘিরে জাপান-চীন কোস্টগার্ডের মুখোমুখি অবস্থান

পূর্ব চীন সাগরের বিতর্কিত সেনকাকু/দিয়াওইউ দ্বীপপুঞ্জের কাছে জাপান ও চীনের কোস্টগার্ড জাহাজের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) উভয় দেশই দাবি করেছে, তারা অপর পক্ষের জাহাজকে নিজেদের জলসীমা থেকে বের করে দিয়েছে।

Advertisement

জনবসতিহীন এই দ্বীপপুঞ্জ জাপানে ‘সেনকাকু’ এবং চীনে ‘দিয়াওইউ’ নামে পরিচিত। তাইওয়ান ও জাপানের ওকিনাওয়ার মাঝামাঝি অবস্থিত দ্বীপগুলো নিয়ে কয়েক দশক ধরে দুই দেশের মধ্যে বিরোধ চলছে।

জাপানের কোস্টগার্ড জানিয়েছে, দুটি চীনা কোস্টগার্ড জাহাজ একটি জাপানি মাছ ধরার নৌকার কাছে চলে এলে তাদের এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়। পরে সকাল ৯টা ২০ মিনিটের দিকে চীনা জাহাজ দুটি সরে যায়। এ সময় জাপানি মাছ ধরার নৌকার নিরাপত্তায় অতিরিক্ত কোস্টগার্ড মোতায়েন করা হয়।

অন্যদিকে চীনের কোস্টগার্ড দাবি করেছে, জাপানের ‘জুইহো মারু’ নামের একটি মাছ ধরার নৌকা তাদের দাবি করা জলসীমায় প্রবেশ করেছিল। পরে চীনা কোস্টগার্ড প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে নৌকাটিকে সেখান থেকে সরিয়ে দেয়।

Advertisement

জাপান জানিয়েছে, চারটি চীনা জাহাজ ওই এলাকায় অবস্থান করছিল, যার মধ্যে দুটি তাদের দাবি করা জলসীমায় প্রবেশ করে। টোকিও এই ঘটনাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে উল্লেখ করেছে এবং ভবিষ্যতেও নিজেদের জলসীমার নিরাপত্তায় কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছে।

সম্প্রতি জাপান-চীন সম্পর্ক আরও উত্তপ্ত হয়ে উঠেছে। গত নভেম্বরে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি তাইওয়ানের ওপর হামলা হলে সামরিকভাবে হস্তক্ষেপের সম্ভাবনার কথা বলায় বেইজিং তীব্র প্রতিক্রিয়া জানায়।

এর পর থেকে চীন জাপান সফরের বিষয়ে নিজেদের নাগরিকদের সতর্ক করেছে এবং কয়েকটি জাপানি প্রতিষ্ঠানের ওপর বাণিজ্যিক বিধিনিষেধও আরোপ করেছে।

এদিকে গত মাসে জাপান জানিয়েছিল, রপ্তানি-আমদানি নিষেধাজ্ঞার আওতাভুক্ত পণ্য পাচারের অভিযোগে চীন দুই জাপানি নাগরিককে আটক করেছে। জাপানি গণমাধ্যমের খবরে বলা হয়, তারা বিরল খনিজ পদার্থ চীন থেকে বের করার চেষ্টা করেছিলেন।

Advertisement

সূত্র: এএফপি

এমএসএম