খেলাধুলা

‘এটা অবিশ্বাস্য এক মুহুর্ত’

নাটকীয় এক রাতের নায়ক হয়ে উঠলেন এনজো ফার্নান্দেজ। ম্যাচের ৯২তম মিনিটে লাউতারো মার্তিনেজের দারুণ এক ক্রসে হেড করে জালের দেখা পান এই আর্জেন্টাইন মিডফিল্ডার। তার সেই গোলেই মিশরকে ৩-২ ব্যবধানে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনা।

Advertisement

ম্যাচ শেষে আবেগঘন প্রতিক্রিয়ায় এনজো বলেন, ‘এটা অবিশ্বাস্য অনুভূতি। কাতার বিশ্বকাপের পর গত তিন বছর ধরে এই গোলটির জন্য অপেক্ষা করছিলাম।’

দলের ঐক্যের প্রশংসা করে তিনি আরও বলেন, ‘আমি আমার সতীর্থদের কথা বিশেষভাবে বলতে চাই। প্রতিকূল পরিস্থিতিতেও আমরা অসাধারণ একটি দল। আমরা সবসময় একসঙ্গে থাকি। আমার সতীর্থ, কোচিং স্টাফ এবং সমর্থকদের ধন্যবাদ। আমরা আরেক ধাপ এগোলাম।’

শেষ মুহূর্তে সুযোগ কাজে লাগাতে পারায় নিজের সন্তুষ্টির কথাও জানান এনজো। তিনি বলেন, ‘আমার পাশে দুর্দান্ত কিছু সতীর্থ আছে। শেষ মুহূর্তের সুযোগটি কাজে লাগাতে হতো, সৌভাগ্যবশত সেটা পেরেছি।’

Advertisement

২০২২ সালের কাতার বিশ্বকাপের স্মৃতি টেনে এনে আর্জেন্টাইন মিডফিল্ডার বলেন, ‘কাতারের চার বছর পেরিয়ে গেছে। এবার আমরা আরেকটি বিশ্বকাপ উপভোগ করতে, নিজের দেশকে প্রতিনিধিত্ব করতে এবং আবারও শিরোপা জিততে এসেছি। কারণ ফুটবল অতীতকে খুব দ্রুত ভুলে যায়।’

এনজোর এই জয়সূচক গোল শুধু আর্জেন্টিনাকে কোয়ার্টার ফাইনালে তোলেনি, বিশ্বকাপের ইতিহাসে ৩০০০তম গোল হিসেবেও জায়গা করে নিয়েছে।

আরআর/আইএন

Advertisement