জাতীয়

কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে অসুস্থ কয়েদির মৃত্যু

ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের এক কয়েদির অসুস্থ হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। ওই কয়েদির নাম শেখ আহমেদ আলী (৪৫)।

Advertisement

মঙ্গলবার (৭ জুলাই) রাত ৮টার দিকে ওই কয়েদি কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

কারারক্ষী মো. হাসান জানান, নিহত শেখ আহমেদ আলী কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়।

তিনি আরও বলেন, নিহত আহমেদ আলী কেন্দ্রীয় কারাগারে কয়েদি হিসেবে ছিলেন। তার কয়েদি নং-২৯৭৭/এ। তার বাবার নাম শেখ সরদার আলী। তবে, তিনি কোন মামলায় কারাগারে বন্দি ছিলেন সে বিষয়ে কিছু জানা যায়নি।

Advertisement

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ(পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কারা কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।

এএমএ