বরিশালে ভুয়া বিল দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে তিন পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বুধবার (৮ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (সদর দপ্তর) আব্দুল হান্নান।
Advertisement
বরখাস্ত হওয়া পুলিশ সদস্যরা হলেন- কনস্টেবল মারুফ হাসান, জয়দেব কুমার মজুমদার ও সজীব মিয়া।
বরখাস্তের অফিস আদেশে বলা হয়েছে, ভুয়া বিল তৈরি করে ১৮ লাখ ৬০ হাজার ৯৮৪ টাকা আত্মসাৎ করেছেন তিনজন কনস্টেবল। তারা মেট্রোপলিটন পুলিশের হিসাব শাখায় কাজ করতেন।
অফিস আদেশে আরও উল্লেখ করা হয়, তারা অন্য এক কর্মকর্তার আইডি ব্যবহার করে অর্থ আত্মসাৎ করেছেন।
Advertisement
বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (সদর দপ্তর) আব্দুল হান্নান জানান, বিভাগীয় শৃঙ্খলা পরিপন্থি কাজের জন্য ওই তিনজনকে সাময়িকভাবে বরখাস্তের নির্দেশ দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। প্রমাণ সাপেক্ষে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
শাওন খান/এনএইচআর/এএসএম