বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সৌহার্দ্য, পারস্পরিক শ্রদ্ধা ও আস্থার পরিবেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বাণিজ্য সচিব মো. আতাউর রহমান খান। একই সঙ্গে তিনি মন্ত্রণালয়ে সুশৃঙ্খল, স্বচ্ছ ও জবাবদিহিমূলক কর্মপরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
Advertisement
বুধবার (৮ জুলাই) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাণিজ্য মন্ত্রণালয়ের সাংস্কৃতিক ও কল্যাণ পরিষদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্বগ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বাণিজ্য সচিব বিদায়ী কমিটির সদস্যদের ধন্যবাদ জানান। তিনি বলেন, সাংস্কৃতিক ও কল্যাণ পরিষদ গণতান্ত্রিক প্রক্রিয়া, সদস্যদের অংশগ্রহণ এবং ইতিবাচক কর্মসংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ উদাহরণ।
তিনি আরও বলেন, এ পরিষদের লক্ষ্য শুধু সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সহযোগিতা, সম্প্রীতি ও সুস্থ কর্মপরিবেশ নিশ্চিত করাও এর অন্যতম দায়িত্ব। কর্মক্ষেত্রে কোনো সমস্যা দেখা দিলে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে তা দ্রুত ও গঠনমূলকভাবে সমাধানের সুযোগ থাকা প্রয়োজন।
Advertisement
তিনি বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই পেশাগত সততা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি। তিনি সবাইকে আইন, নিয়ম ও শৃঙ্খলার মধ্যে থেকে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান।
গত ২৯ জুন অনুষ্ঠিত দ্বিবার্ষিক নির্বাচনে পরিষদের ১৪ জন সদস্য নির্বাচিত হন। নির্বাচিত সদস্যদের প্রস্তাবের ভিত্তিতে আজ নতুন কমিটির সভাপতির দায়িত্ব নির্ধারণ করা হয়। কমিটিতে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব প্রভাংশু মহান সোম সভাপতি ও ব্যক্তিগত কর্মকর্তা শওকত হোসেন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন।
অনুষ্ঠানে অবসরজনিত কারণে বাণিজ্য মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা আব্দুল মজিদ ও ক্যাশ সরকার শফিক উদ্দিনকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এফটিএ) আয়েশা আক্তার, অতিরিক্ত সচিব (ডব্লিউটিও) খাদিজা নাজনীন, অতিরিক্ত সচিব (আইআইটি) শিবির বিচিত্র বড়ুয়া, যুগ্মসচিব, উপসচিবসহ মন্ত্রণালয়ের বিভিন্ন শাখায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
Advertisement
এনএইচ/এমকেআর