ইউক্রেনকে প্যাট্রিয়ট (Patriot) আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তথা ইন্টারসেপ্টর উৎপাদনের লাইসেন্স দেবে যুক্তরাষ্ট্র। দীর্ঘ ছয় মাসেরও বেশি সময় ধরে অনুরোধের পর এই ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে ইউক্রেন বহুবার নিজ দেশে প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর তৈরির লাইসেন্স চাইলেও ওয়াশিংটন তাতে সম্মতি দেয়নি।
Advertisement
তুরস্কের আঙ্কারায় ন্যাটো সম্মেলনের ফাঁকে জেলেনস্কির সঙ্গে যৌথ বিবৃতিতে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনকে প্যাট্রিয়ট তৈরির অধিকার দেবে। রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা থেকে ইউক্রেনের শহর ও জ্বালানি অবকাঠামো রক্ষায় এই দীর্ঘপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত।
ট্রাম্প বলেন, আমরা তাদের এটি তৈরির পদ্ধতি দেখিয়ে দেব। এটি খুবই জটিল একটি ব্যবস্থা তবে তারা দ্রুতই বিষয়টি আয়ত্ত করে ফেলবে।
তিনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্রে বর্তমানে চারটি উৎপাদন কেন্দ্র নির্মাণাধীন রয়েছে এবং আগামী দুই থেকে তিন মাসের মধ্যেই উৎপাদন সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়ানো সম্ভব হবে। তার ভাষায়, এতে নতুন প্যাট্রিয়টের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না।
Advertisement
ট্রাম্প বলেন, ইউক্রেনে লাইসেন্সের ভিত্তিতে উৎপাদন শুরু হলে বিভিন্ন সমালোচনারও জবাব দেওয়া যাবে। তখন আর অভিযোগ করার সুযোগ থাকবে না যে আমরা যথেষ্ট দিচ্ছি না বরং তোমরাই এগুলো তৈরি করবে।”
এ সময় মজার ছলে ট্রাম্প বলেন, সংশ্লিষ্ট মার্কিন কোম্পানিকে এখনো এ সিদ্ধান্তের বিষয়ে জানানো হয়নি। তবে তার বিশ্বাস, তারা এতে সন্তুষ্ট হবে।
বর্তমানে প্যাট্রিয়টই ইউক্রেনের একমাত্র কার্যকর ব্যবস্থা যা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম। তবে ইউক্রেনের কর্মকর্তাদের দাবি, এসব ইন্টারসেপ্টরের মজুত এখন আশঙ্কাজনকভাবে কমে গেছে।
মার্কিন প্রতিষ্ঠান রেথিয়ন এবং লকহিড মার্টিন প্যাট্রিয়ট ব্যবস্থা তৈরি করে। ইউক্রেন ছাড়াও যুক্তরাষ্ট্রের বহু মিত্র দেশের প্রধান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে প্যাট্রিয়ট ব্যবহৃত হচ্ছে।
Advertisement
প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী সামরিক অভিযানের সময় ব্যাপক ব্যবহারের কারণে বিশ্বব্যাপী প্যাট্রিয়ট ইন্টারসেপ্টরের মজুতের প্রায় এক-তৃতীয়াংশ কমে গেছে। বিভিন্ন হিসাব অনুযায়ী, গত কয়েক মাসে উপসাগরীয় দেশগুলো সম্মিলিতভাবে ১ হাজার ১০০টিরও বেশি প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর নিক্ষেপ করেছে।
জেলেনস্কির তথ্য অনুযায়ী, লকহিড মার্টিন বছরে প্রায় ৬০০টি, অর্থাৎ মাসে ৬০ থেকে ৬৫টি প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর তৈরি করে। অন্যদিকে ইউক্রেনের কর্মকর্তাদের দাবি, রাশিয়া প্রতি মাসে প্রায় ১২০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে। সম্প্রতি এক রাতেই প্রায় ৩০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়াে
সূত্র: ইউরো নিউজ
কে এম