জাতীয়

কর্ণফুলী টানেলের দেয়ালে প্রাইভেট কারের ধাক্কা, গাড়ি জব্দ

চট্টগ্রামের কর্ণফুলী টানেলের ভেতরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার দেয়ালে ধাক্কা দিয়েছে। এতে টানেলের শোভাবর্ধনকারী ডেকোরেটিভ বোর্ডের প্রায় ১৫ ফুট অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

Advertisement

মঙ্গলবার (৭ জুলাই) রাতে আনোয়ারা প্রান্ত থেকে পতেঙ্গামুখী টানেলের অংশে এ দুর্ঘটনা ঘটে।

টানেল কর্তৃপক্ষ জানায়, আনোয়ারা থেকে পতেঙ্গার দিকে যাওয়ার সময় প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে টানেলের এক পাশের দেয়ালে সজোরে ধাক্কা দেয়। পরে গাড়িটি দেয়াল ঘেঁষে কিছু দূর এগিয়ে গিয়ে থামে। এতে দেয়ালে স্থাপিত ডেকোরেটিভ বোর্ডের প্রায় ১৫ ফুট অংশ দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার পর গাড়িটি জব্দ করেছে টানেল কর্তৃপক্ষ।

টানেলের টোল ইনচার্জ লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ ফারুক বলেন, দুর্ঘটনায় টানেলের প্রায় ১৫ ফুট ডেকোরেটিভ বোর্ড ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনাকবলিত প্রাইভেট কারটি কর্তৃপক্ষের হেফাজতে রাখা হয়েছে।

Advertisement

তিনি বলেন, কী কারণে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়েছেন, তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দুর্ঘটনার পর নিরাপত্তার স্বার্থে কিছু সময় টানেলের ভেতরে যান চলাচলে সতর্কতা অবলম্বন করা হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

এমআরএএইচ/এমএএইচ/