একমাত্র টেস্টে হারের পর এক ম্যাচ বাকি থাকতেই ওয়ানডে সিরিজ হাতছাড়া। জিম্বাবুয়ে সফরে দুঃস্বপ্নের মধ্যে থাকা বাংলাদেশ দল পেয়েছে আরও একটি দুঃসংবাদ। চোটের কারণে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ ও টি-টোয়েন্টি পুরো সিরিজ থেকে ছিটকে গেছেন মোস্তাফিজুর রহমান।
Advertisement
প্রথম ম্যাচে বোলিং করেছিলেন ৬ ওভার। সেই ম্যাচেই টান লাগে তার হ্যামস্ট্রিংয়ে। সে কারণে দ্বিতীয় ওয়ানডেতে ছিলেন না মোস্তাফিজ।
ভিডিও বার্তায় জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম জানান, আপাতত দেশে ফিরে পুনর্বাসন চলবে বাঁহাতি এই পেসারের।
বিসিবির পাঠানো ভিডিও বার্তায় তিনি বলেন, মোস্তাফিজুর রহমান প্রথম ওয়ানডেতে ডান হ্যামস্ট্রিংয়ের কমপ্লেইন নিয়ে উঠে এসেছে। পরবর্তীতে ওর স্ক্যান করানো হয়েছে। সেখানে গ্রেড ওয়ান মাসল টিয়ার এসেছে ডান হ্যামস্ট্রিংয়ে। একই হাঁটুতে ওর একটু সমস্যা আছে। আমরা আশা করছি, চার সপ্তাহের আশেপাশে লাগবে ঠিক হতে। মোস্তাফিজ দেশে ফিরে গিয়ে রিহ্যাব করবে।
Advertisement
এতে করে দ্য হান্ড্রেড টুর্নামেন্টেরও শুরুর ভাগে খেলতে পারবেন না মোস্তাফিজ। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ইংল্যান্ডের ১০০ বলের ক্রিকেটের এই আসরে তার খেলার কথা। টুর্নামেন্টটি শুরু হচ্ছে আগামী ২১ জুলাই।
এর আগে লিটন কুমার দাসও জিম্বাবুয়েতে একটি ম্যাচও খেলতে পারেননি চোটের কারণে।
এসকেডি/এমএমআর
Advertisement