খেলাধুলা

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে বাইসাইকেল গোলের স্বপ্ন গাভির

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের মুখোমুখি হওয়ার আগে নিজের সবচেয়ে বড় ফুটবলীয় স্বপ্নের কথা জানিয়েছেন স্পেনের তরুণ মিডফিল্ডার গাভি। তার ইচ্ছা, বিশ্বকাপের ফাইনালে লিওনেল মেসির আর্জেন্টিনার বিপক্ষে বাইসাইকেল কিকে জয়সূচক গোল করে স্পেনকে শিরোপা এনে দেওয়া।

Advertisement

লস অ্যাঞ্জেলেসে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে গাভি বলেন, ‘অবশ্যই আমি বিশ্বকাপে দলের জন্য গুরুত্বপূর্ণ হতে চাই। আমার স্বপ্ন হলো শিরোপা নিশ্চিত করা গোলটি করা। ছোটবেলা থেকেই বিশ্বকাপ ফাইনালে বাইসাইকেল কিকে গোল করার স্বপ্ন দেখি। এগুলো স্বপ্ন, আশা করি একদিন সত্যি হবে।’

সম্ভাব্য ফাইনালে কাকে প্রতিপক্ষ হিসেবে চান? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি চাই প্রতিপক্ষ হোক আর্জেন্টিনা, কারণ সেখানে লিও মেসি আছেন। তবে আমরা যদি ফাইনালে উঠতে পারি, তাহলে প্রতিপক্ষ কে হলো সেটা আমার কাছে খুব একটা গুরুত্বপূর্ণ নয়।’

চলতি বিশ্বকাপে প্রথম ম্যাচে শুরুর একাদশে খেললেও অস্ট্রিয়ার বিপক্ষে মাত্র কয়েক মিনিট মাঠে ছিলেন গাভি। তবে ব্যক্তিগত সুযোগের চেয়ে দলের সাফল্যকেই বেশি গুরুত্ব দিয়েছেন তিনি, ‘আমরা খেলি বা না-খেলি, সবার দায়িত্ব পরিষ্কার। ঐক্যবদ্ধ থেকেই দেশকে প্রতিনিধিত্ব করতে হবে। যারা মাঠে নামে না, তারাও দলের জয়ে সমান অবদান রাখে। আমাদের সবচেয়ে বড় শক্তি হলো এই ঐক্য।’

Advertisement

স্পেনকে অনেকেই শিরোপার অন্যতম দাবিদার মনে করলেও এ বিষয়ে সতর্ক অবস্থান নিয়েছেন গাভি। তিনি বলেন, ‘আমি এসব নিয়ে কথা বলতে পছন্দ করি না। বেলজিয়ামের দলে অসাধারণ খেলোয়াড় আছে, যেমন পর্তুগালেরও আছে। আমাদের নিজেদের কাজটা ঠিকভাবে করতে হবে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বেলজিয়ামকে হারানো।’

ফ্রান্স ও মরক্কোর মধ্যে সম্ভাব্য সেমিফাইনাল প্রতিপক্ষ হিসেবে কাকে চান? এমন প্রশ্নে গাভির উত্তর ছিল মরক্কো। তার কথা, ‘দুটি দলই দুর্দান্ত। তবে আমি মরক্কোকেই বলব, কারণ ২০২২ কাতার বিশ্বকাপে ওরাই আমাদের বিদায় করেছিল।’

নিজের ভূমিকা নিয়ে গাভি বলেন, কোচ লুইস দে লা ফুয়েন্তে যেভাবে প্রয়োজন মনে করবেন, সেভাবেই তিনি দলের জন্য খেলতে প্রস্তুত, ‘আমি এখানে বিশ্বকাপ জিততে এসেছি। কোচ আমাকে সবার চেয়ে ভালো চেনেন। অবশ্যই সবাই বেশি খেলতে চায়, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বিশ্বকাপ জেতা। তিনি যখন যেভাবে চাইবেন, আমি সেভাবেই দলের জন্য প্রস্তুত।’

আরআর

Advertisement