দেশজুড়ে

ময়মনসিংহে আর অপরিকল্পিত নগরায়ণ হবে না: মউক চেয়ারম্যান

ময়মনসিংহে আর অপরিকল্পিত নগরায়ণ হবে না বলে জানিয়েছেন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মউক) নবনিযুক্ত চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার। তিনি বলেন, উন্নয়ন কর্তৃপক্ষের উদ্যোগে ইতোমধ্যে মাস্টারপ্ল্যান প্রণয়নের কাজ শুরু হয়েছে। পরিকল্পনার আওতায় নগরীর ড্রেনেজ ব্যবস্থা, খাল খনন ও ভবন নির্মাণ পরিচালিত হবে। এর মাধ্যমে ময়মনসিংহকে একটি আধুনিক ও পরিকল্পিত নগরীতে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে ময়মনসিংহ নগরীর ব্রাহ্মপল্লী এলাকায় ঘরের মেঝেতে জমে থাকা পানিতে পড়ে ৮ মাস বয়সী শিশু আয়াসের মৃত্যুর ঘটনায় শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মোতাহার হোসেন তালুকদার বলেন, শিশু আয়াসের মৃত্যু অত্যন্ত দুঃখজনক ও মর্মান্তিক। সন্তান প্রত্যেক পরিবারের সবচেয়ে প্রিয়। সেই সন্তান যদি ঘরের মেঝেতে জমে থাকা পানিতে ডুবে মারা যায়, এর চেয়ে বেদনাদায়ক ঘটনা আর হতে পারে না। আমরা পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাতে এসেছি। সরকারের পক্ষ থেকে পরিবারটির পাশে থেকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হবে।

তিনি আরও বলেন, জনগণ যেন কোনো ধরনের দুর্ভোগে না পড়ে, সে বিষয়ে সরকারের কঠোর নির্দেশনা রয়েছে। সেই লক্ষ্য বাস্তবায়নে মউক পরিকল্পিত নগর উন্নয়নে কাজ করবে।

Advertisement

অপরিকল্পিত নগরায়ণের জন্য সাবেক আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে মউক চেয়ারম্যান বলেন, গত ১৭ বছরে সিটি করপোরেশনের দায়িত্বে যারা ছিলেন, তারা নগর উন্নয়নের জন্য কোনো কার্যকর মাস্টারপ্ল্যান গ্রহণ করেননি। কেবল দৃশ্যমান উন্নয়ন দেখানো হয়েছে। কিন্তু ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন, খাল খনন এবং পানি নিষ্কাশনের স্থায়ী সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।

তিনি বলেন, ড্রেন ও খালের প্রয়োজনীয় গভীরতা নিশ্চিত না করায় সামান্য বৃষ্টিতেই ময়মনসিংহ নগরী জলাবদ্ধতায় তলিয়ে যায়। শিশু আয়াসের মৃত্যু সেই অব্যবস্থাপনারই একটি মর্মান্তিক উদাহরণ।

হোসাইন সুলভ/কেএইচকে/জেআইএম

Advertisement