দেশজুড়ে

দুষ্কৃতকারী বালুখেকোরা বন্ধু হতে পারে না: হুইপ গউছ

জাতীয় সংসদের হুইপ জি কে গউছ বলেছেন-দুষ্কৃতকারী, বালুখেকো, সুবিধাভোগীরা আমাদের বন্ধু হতে পারে না। অনৈতিক কাজের সঙ্গে বিএনপির কোনো কর্মী জড়িত থাকতে পারে না। যারাই অবৈধভাবে বালু উত্তোলনে জড়িত তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয়। নদীর যেখানেই ড্রেজার থাকবে সেগুলো যেন গুঁড়িয়ে দেয়া হয়।

Advertisement

শুক্রবার (১০ জুলাই) বিকেলে হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের দক্ষিণ চরহামুয়ার কালীগঞ্জে বন্যা কবলিত এলাকা পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজ নেন এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন।

হুইপ আরও বলেন, নদীর বাঁধ যেহেতু ভেঙে গেছে এটি মেরামত করা এখন সবচেয়ে বড় কাজ। আগামীকাল থেকেই বাঁধ মেরামতের উদ্যোগ নেওয়া হবে। সেখানে যেন কোনো দুর্নীতি না হয় সেজন্য জনগণকে সজাগ থাকার অনুরোধ করছি।

Advertisement

পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সায়েদুর রহমান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট নুরুল ইসলাম, হাজি এনামুল হক, ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল, বিএনপি নেতা তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, সফিকুর রহমান সিতুসহ শতাধিক নেতাকর্মী।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এএইচ/জেআইএম