চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের জলাবদ্ধতা নিরসনে খাল কাটছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।
Advertisement
শুক্রবার (১০ জুলাই) সকাল থেকে চট্টগ্রাম বন্দর নিজস্ব অর্থায়নে বিমানবন্দর সংলগ্ন ১২ খালটি পুনর্খনন কাজ শুরু করেছে। পাশাপাশি নগরীর বড় অংশের পানি নিষ্কাশন হওয়া খালগুলোর মুখে কর্ণফুলী নদীতে ড্রেজিং কার্যক্রমও শুরু করে বন্দর।
চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ রেফায়েত হামিম জাগো নিউজকে বলেন, সেনাবাহিনীর কাজের কারণে বর্তমানে ১২নং খালের বেশিরভাগ অংশ বন্ধ। ফলে পর্যাপ্ত পানি যেতে না পারায় জলাবদ্ধতা তৈরি হয়েছিল। আজ বন্দরের পক্ষ থেকে ওই খালের পার্শ্ববর্তী অংশে একটি ডাইভারশন তৈরির মাধ্যমে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়েছে। এতে করে ওই অংশে জলাবদ্ধতা নিরসন হয়েছে।
পাশাপাশি জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) সহায়তার অংশ হিসেবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এ খাল খনন করছে বলে জানান তিনি।
Advertisement
তিনি বলেন, বন্দর কর্তৃপক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা মাঠপর্যায়ে উপস্থিত থেকে খনন কাজটির সার্বিক তত্ত্বাবধান করছেন।
এছাড়া চট্টগ্রাম শহরের গুরুত্বপূর্ণ খালসমূহের (যেমন রাজাখালী, চাক্তাই, ফিসারি খাল, মহেশখালসহ অন্যান্য খাল) মুখে জরুরি ভিত্তিতে গ্রাব ও কাটার সাকশন ড্রেজার ব্যবহার করে ড্রেজিং কার্যক্রম অব্যাহত রেখেছে। ফলে চট্টগ্রাম শহরের অভ্যন্তরে থেকে বৃষ্টিতে সৃষ্ট পানি দ্রুততম সময়ের মধ্যে কর্ণফুলীতে পতিত হচ্ছে বলে জানান সৈয়দ রেফায়েত হামিম।
এমডিআইএইচ/এমকেআর
Advertisement