রাজনীতি

বন্যায় বাঁশখালীতে ২ হাজারের বেশি মানুষের মধ্যে এনসিপির ত্রাণ বিতরণ

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম মহানগর। বিতরণ করা ত্রাণের মধ্যে ছিল রান্না করা খাবার ও শুকনো খাবার।

Advertisement

শুক্রবার (১০ জুলাই) দিনব্যাপী বাঁশখালীর বন্যাকবলিত বিভিন্ন ইউনিয়নের প্রত্যন্ত এলাকায় কোমরসমান পানি অতিক্রম করে প্রায় দুই হাজারের বেশি বানভাসি মানুষের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হয়।

এনসিপির ভাষ্য অনুযায়ী, টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ায় অনেক মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। দুর্গত এলাকায় খাদ্য ও বিশুদ্ধ পানীয় জলের সংকট দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে দলটির নেতারা ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেন।

ত্রাণ বিতরণ কার্যক্রমে এনসিপি চট্টগ্রাম মহানগরের সদস্যসচিব আরিফ মঈনুদ্দিন, যুগ্ম আহ্বায়ক ওসমান গনি, যুগ্ম সদস্যসচিব সাদিয়া আফরিন, আসিফ চৌধুরী, আজগর আলী আশিক, আযাদ চৌধুরী এবং কোষাধ্যক্ষ এমদাদুল হকসহ অন্যান্য নেতা-কর্মীরা অংশ নেন।

Advertisement

আরও পড়ুন চট্টগ্রামে ৪ লাখ মানুষ পানিবন্দি, ৭ উপজেলায় সেনা মোতায়েন

ত্রাণ বিতরণকালে আরিফ মঈনুদ্দিন বলেন, বাঁশখালীর দুর্গত এলাকার মানুষের দুর্ভোগ সরেজমিনে না গেলে উপলব্ধি করা কঠিন।

তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোকে এনসিপি তাদের মানবিক দায়িত্ব মনে করে। তিনি সমাজের বিত্তবান ব্যক্তি, সমাজসেবী ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনকে দল-মত নির্বিশেষে দুর্গত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান।

এনসিপি চট্টগ্রাম মহানগরের পক্ষ থেকে জানানো হয়েছে, বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত তাদের ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

এমআরএএইচ/এনএইচআর

Advertisement