দেশজুড়ে

ঠাকুরগাঁওয়ে ট্রাকভর্তি ডিএপি সার জব্দ

ঠাকুরগাঁওয়ে বৈধ চালান ছাড়া ট্রাকে করে পরিবহনের সময় ৩৮০ বস্তা ডিএপি সার জব্দ করেছে জেলা প্রশাসন। এ ঘটনায় সার ব্যবস্থাপনা আইন অনুযায়ী ট্রাকের চালক ও হেলপারকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Advertisement

এছাড়া জব্দ করা সার সরকারের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে। পরে সরকারি নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে বিক্রি করে সেই অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (২৬ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কের সদর উপজেলার ২৪ টিউবওয়েল এলাকার জসীমের ভাতের হোটেলের সামনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সারভর্তি ট্রাকটি আটক করা হয়। পরে সারসহ ট্রাকটি সদর উপজেলা পরিষদ চত্বরে নিয়ে যাওয়া হয়।

প্রশাসন জানায়, ভাউলার হাট থেকে দিনাজপুরের উদ্দেশে একটি ট্রাকে ৩৮০ বস্তা ডিএপি সার পরিবহন করা হচ্ছিল। অভিযানের সময় ট্রাকচালক সার পরিবহনের বৈধ চালান বা প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হন। এ কারণে সার ব্যবস্থাপনা আইন অনুযায়ী ট্রাকচালক বাবু ও হেলপার সুমনকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা আদায়ের পর তাদের ছেড়ে দেওয়া হলেও ট্রাকে থাকা সব সার সরকারের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়। ৩৮০ বস্তা সারের আনুমানিক বাজার মূল্য প্রায় ৪ লাখ টাকা।

Advertisement

আটক ট্রাকের চালক বাবু ও হেলপার সুমনের বাড়ি কুষ্টিয়া জেলার মাল্লাতেঘরিয়া এলাকায়।

সহকারী কমিশনার (ভূমি) মো. আশাদুল হক জানান, বৈধ চালান ছাড়া সার পরিবহন করায় ৩৮০ বস্তা ডিএপি সার বাজেয়াপ্ত করা হয়েছে। সার ব্যবস্থাপনা আইন অনুযায়ী চালক ও হেলপারকে জরিমানা করা হয়েছে। বাজেয়াপ্ত সার সরকারি নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে বিক্রি করা হবে এবং বিক্রির অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

অভিযান চলাকালে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খাইরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাসিরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মো. আশাদুল হক, সদর থানা পুলিশের সদস্যসহ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রশাসন জানিয়েছে, কৃষকদের জন্য বরাদ্দকৃত সার অবৈধভাবে পরিবহন, মজুত ও কালোবাজারি রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Advertisement

তানভীর হাসান তানু/এফএ/জেআইএম