দেশজুড়ে

ময়মনসিংহে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

ময়মনসিংহের ধোবাউড়ায় পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২৬ জুলাই) দুপুর থেকে সন্ধ্যার মধ্যে উপজেলার সিংগুরা ও দরশা গ্রামে এ ঘটনা ঘটে।

Advertisement

নিহতরা হলেন, উপজেলার সিংগুরা গ্রামের মো. বিল্লাল মিয়ার দুই বছর বয়সী মেয়ে রুজাইনা আক্তার এবং দরশা গ্রামের রফিকুল ইসলামের সাত বছর বয়সী ছেলে রোহান।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে সিংগুরা গ্রামে রুজাইনার মা রোজিনা আক্তার মেয়েকে বাড়ির উঠানে রেখে টিউবওয়েলের পাশে থালা-বাসন ধুতে যান। কিছুক্ষণ পর ফিরে এসে সন্তানকে না পেয়ে পরিবারের সদস্যদের নিয়ে খোঁজাখুঁজি শুরু করেন। কয়েক ঘণ্টা পর বাড়ির পাশের একটি পুকুরে রুজাইনাকে ভাসতে দেখা যায়। পরে তাকে উদ্ধার করে ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, দরশা গ্রামের রোহান গোসল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

Advertisement

ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জাগো নিউজকে বলেন, খবর পেয়ে পুলিশ পৃথক দুটি ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুই শিশুর মৃত্যুর ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

হোসাইন সুলভ/কেজে/জেআইএম