দেশজুড়ে

রাজবাড়ীতে ট্রেন-যানবাহন দুর্ঘটনা: রেলওয়ের তদন্ত কমিটি

রাজবাড়ীতে তেলবাহী ট্রেন ও যানবাহন দুর্ঘটনায় পাকশি ডিভিশনাল মেডিকেল অফিসার (ডিএমও) ডা. মো. শাকিল আহমেদকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে।

Advertisement

সোমবার (২৭ জুলাই) দুপুর ১২টার দিকে দুর্ঘটনা কবলিত স্থান রাজবাড়ীর খানখানাপুর লেভেল ক্রসিং পরিদর্শন করেন তদন্ত কমিটি।

এ সময় লেভেল ক্রসিংয়ের দ্বায়িত্বে থাকা গেটম্যানসহ স্থানীয় এলাকাবাসীর সঙ্গে কথা বলেন তদন্ত টিম।

এদিকে, শেষ খবর পাওয়া পর্যন্ত তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন বগির সঙ্গে যাত্রীবাহী বাস, মাহেন্দ্রা ও অটোরিক্সার চতুরমূখি সংঘর্ষে দুইজন নিহত ও ছয় জন আহত হয়েছেন।

Advertisement

জানা গেছে, রবিবার (২৬ জুলাই) রাত পৌনে ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে রাজবাড়ীর খানখানাপুর লেভেল ক্রসিংয়ে রাজবাড়ী অভিমুখে একটি তেলবাহী ট্রেন প্রথমে ইঞ্জিনসহ বেশকয়েকটি বগি নিয়ে রেললাইন ক্রস করে। পরে গেটম্যান রেললাইনের ব্যারিয়ার উঠিয়ে দিলে, কিছু সময় পর মূল ট্রেন থেকে বিচ্ছিন্ন হওয়া বেশ কয়েকটি বগি এসে মহাসড়কে চলাচলরত মাহেন্দ্রা, অটোরিক্স ও একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষ হয়।

আরও পড়ুন লেভেল ক্রসিংয়ে তিন গাড়িকে ট্রেন থেকে বিচ্ছিন্ন বগির ধাক্কা, নিহত ২

এ সময় মাহেন্দ্রাকে প্রায় ১০০ গজ দূরে ঠেলে নিয়ে যায় মালবাহী ট্রেনের বিচ্ছিন্ন বগিগুলো এবং দুমড়ে মুচড়ে যায় অটোরিকশাটি। এছাড়া বাসটি কেউ ঠেলে নিয়ে যায় রেললাইনে। এ সময় গুরুতর আহত অবস্থায় আট জনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পথিমধ্যে খানখানাপুরের মনোয়ার পাটোয়ারী ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বালিয়াকান্দি শামোকখোলার আব্দুল মালেক মারা যান।

এ ঘটনায় আহত হয়েছেন, রাজবাড়ী দৌলতদিয়ার লিয়াকত, আশিক, গোয়ালন্দ মোড়ের নুরু শেখ, কল্যানপুরের নুরুল ইসলাম, কালুখালীর বিল্লাল ও খানখানাপুরের বলাই। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ঘটনার পর পাকশি ডিভিশনাল মেডিকেল অফিসার (ডিএমও) ডা. মো. শাকিল আহমেদকে প্রধান করে পাঁচ সদস্য তদন্ত কমিটি গঠন করে রেলওয়ে।

Advertisement

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, পাকশি বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও), বিভাগীয় প্রকৌশলী এক (ডিইএনওয়ান), বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (ডিএমই ক্যারেজ) ও বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (ডিএমই লোকো)।

পাকশি রেলওয়ে নিরাপত্তা বাহিনীর এ্যাসিসটেন্ট কমান্ডেন্ট মো. ফিরোজ আহম্মেদ বলেন, তদন্ত কমিটির প্রধান সহ আমরা দূর্ঘটনাস্থল পরিদর্শন করে সবার সঙ্গে কথা বলছি। একইসঙ্গে এ ঘটনায় আহতদের খোজখবর নেওয়া সহ নিহতের পরিবারের সঙ্গে কথা বলবো। সাধারনত এ ধরনের ঘটনা খুবই কম ঘটে। হয়তো চলন্ত অবস্থায় হুক কোন ভাবে খুলে এ দূর্ঘটনা ঘটেছে। তদন্ত চলছে, দ্রুত শেষ করে প্রতিবেদন পেশ করা হবে।

রুবেলুর রহমান/কেজে/জেআইএম