খেলাধুলা

আগামী মাসেই শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স কাপ’ ফুটবল টুর্নামেন্ট

আগামী মাসেই শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স কাপ’ ফুটবল টুর্নামেন্ট। সোমবার আর্মি স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬ -এর জাতীয় পর্যায়ের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এই ঘোষণা দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

Advertisement

আমিনুল হক জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গড়া ‘নতুন কুঁড়ি’ সাংস্কৃতিক আন্দোলনের আদলে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শী চিন্তাধারায় ক্রীড়া ক্ষেত্রে এই নতুন ধারার সূচনা হয়েছে।

ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘দেশের খেলোয়াড়দের পেশাদারত্বের আওতায় আনতে ইতোমধ্যে ৩০০ জন ক্রীড়াবিদকে ক্রীড়া ভাতা ও স্বীকৃতি দেওয়া হয়েছে এবং আগামীতে এই পরিধি বাড়িয়ে ৫০০ জন ক্রীড়াবিদকে বেতন কাঠামোর আওতায় আনা হবে। ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র দ্বিতীয় আসরের অনলাইন নিবন্ধন কার্যক্রম আগামী আগস্ট পর্যন্ত চলমান থাকবে এবং সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে তা শুরু হবে। প্রথম আসরে ৮টি ইভেন্ট থাকলেও দ্বিতীয় আসরে ভলিবল ও টেবিল টেনিস যুক্ত হয়ে মোট ১০টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এছাড়া তৃণমূলের পরিধি আরও বিস্তৃত করে দেশের ৪,৫৯৯টি ইউনিয়ন পর্যায় থেকে খেলোয়াড় বাছাই করা হবে।’

​তিনি আরও বলেন, ‘জাতীয় পর্যায়ে পুরস্কৃত ৩১০ জন প্রতিভাবান খেলোয়াড়কে বিকেএসপিতে দুই মাসের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে এবং সেখান থেকে সেরা প্রতিভাদের বাছাই করে তাদের খেলাধুলা ও পড়াশোনার সম্পূর্ণ দায়িত্ব সরকারি খরচে বহন করা হবে।’

Advertisement

তরুণ প্রজন্মকে মাদক ও ডিভাইস আসক্তি থেকে দূরে রেখে সুস্থ জাতি গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘দেশের ৬৪টি জেলায় পর্যায়ক্রমে ‘স্পোর্টস ভিলেজ’ তৈরি করা হবে, যার মধ্যে চলতি বছরই ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণের কাজ শুরু হবে। পাশাপাশি ঢাকার বাইরে বিভাগীয় শহরগুলোর বিকেএসপিগুলোকে আরও স্বয়ংসম্পূর্ণ করা হবে।’

ক্রীড়া প্রতিমন্ত্রী আরও বলেন, ​‘তৃণমূল পর্যায়ে খেলাধুলা ছড়িয়ে দিতে ২০১ জন উপজেলা ক্রীড়া অফিসার নিয়োগের নির্দেশনা পেয়েছি এবং আরও ২৯৪ জনের নিয়োগ প্রক্রিয়া চলমান। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে আগামী মাসেই ‘প্রাইম মিনিস্টার্স কাপ’ ফুটবল টুর্নামেন্ট শুরু হচ্ছে এবং বিশেষ চাহিদাসম্পন্ন খেলোয়াড়দের জন্যও আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট আয়োজনের প্রস্তুতি চলছে।’

এসকেডি/এমএমআর

Advertisement