গাজীপুরের কালীগঞ্জ উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে দুই দফা চুরির ঘটনায় উদ্বেগ দেখা দিয়েছে। দুর্বৃত্তরা মসজিদের বিভিন্ন অংশে প্রবেশ করে একাধিক ট্যাপ, ঝরনাসহ বিভিন্ন সামগ্রী চুরি করে নিয়ে যাওয়ার পাশাপাশি অফিস কক্ষ ও বাথরুম ভাঙচুর করেছে।
Advertisement
সোমবার (২৭ জুলাই) দুপুরে মডেল মসজিদের কেয়ারটেকার আলমগীর হোসেন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বিষয়টি লিখিতভাবে জানান।
আরও পড়ুন ৫ বছরেই বেহাল চুয়াডাঙ্গা মডেল মসজিদকেয়ারটেকার আলমগীর হোসেন জানান, শনিবার (২৫ জুলাই) রাতে চুরির ঘটনা ঘটে। চোরেরা ডাইনিং কক্ষের সানশেডের টাইলস খুলে ভবনের ভেতরে প্রবেশ করে বাথরুম থেকে দুটি ট্যাপ ও দুটি বড় বিট (ফিটিংস) চুরি করে। একইসঙ্গে দক্ষিণ পাশের গেটের তালা ভেঙে ভবনের ভেতরে ঢুকে প্রথম তলা থেকে তৃতীয় তলার ছাদ পর্যন্ত বিভিন্ন অফিস কক্ষ তছনছ করে। এসময় পাঁচটি বাথরুমের তালা ভেঙে ফেলা হয়। ইমাম-মুয়াজ্জিনের ব্যবহৃত বাথরুম থেকে আরও ১৪টি ট্যাপ খুলে নিয়ে যায় চোরেরা।
এর আগে ১৫ জুলাই সকালে অফিসে এসে কেয়ারটেকার দেখতে পান, দুর্বৃত্তরা জেনারেটর কক্ষের পাশের অজুখানা ও বাথরুমের গ্রিলের ফাঁক দিয়ে ভেতরে প্রবেশ করে ১৯টি ট্যাপ ও একটি ঝরনা খুলে নিয়ে গেছে।
Advertisement
এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, ‘এ-সংক্রান্ত কোনো লিখিত অভিযোগ এখনো থানায় জমা পড়েনি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
জানতে চাইলে ইউএনও এটিএম কামরুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমাদের জানা রয়েছে। মডেল মসজিদের কেয়ারটেকার লিখিতভাবে জানিয়েছেন। প্রাথমিকভাবে ইসলামিক ফাউন্ডেশনের দায়িত্বপ্রাপ্ত একজন কর্মকর্তার কিছু গাফিলতির বিষয় পরিলক্ষিত হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
আব্দুর রহমান আরমান/এসআর/এএসএম
Advertisement