আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশি হয়রানি ও অন্যায্য মামলা বন্ধে দেওয়া সমঝোতা চুক্তি ভঙ্গের অভিযোগ তুলে ভারতে ফের রাজপথে নামার কড়া হুঁশিয়ারি দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। তবে মধ্যরাতে সরকারের প্রতিনিধিদের সঙ্গে দীর্ঘ দুই থেকে তিন ঘণ্টার বৈঠকের পর ও একাধিক রাজ্য সরকারের পক্ষ থেকে আন্দোলনকারীদের সুরক্ষায় আনুষ্ঠানিক নির্দেশনার আশ্বাস মেলায় আপাতত সেই আন্দোলন শুরুর হুমকি স্থগিত রয়েছে।
Advertisement
সোমবার (২৭ জুলাই) দিনগত রাত ১টায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে সিজেপি-র প্রধান মুখপাত্র সৌরভ দাস জানান, নৈশ বৈঠকের পর সরকার তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহার, আটককৃতদের অবিলম্বে মুক্তি ও কেন্দ্র সরকারসহ অন্যান্য বিজেপি/এনডিএ শাসিত রাজ্যগুলো থেকে একই ধরনের সুরক্ষামূলক বিজ্ঞপ্তি জারির আশ্বাস দেওয়া হয়েছে।
সৌরভ দাস লেখেন, আমাদের সংবাদ সম্মেলনের কয়েক ঘণ্টা পরই সরকারের প্রতিনিধিরা আমাদের সঙ্গে সাক্ষাৎ করেন। এই বৈঠক প্রায় ২-৩ ঘণ্টা স্থায়ী হয়েছিল। তারা বিহার ও আসাম সরকারের জারি করা নির্দেশনার কপি আমাদের দেখিয়েছেন, যেখানে এফআইআর প্রত্যাহার, ভবিষ্যতে কোনো আইনি পদক্ষেপ না নেওয়া এবং সমস্ত আটক ও গ্রেফতারকৃতদের মুক্তির নিশ্চয়তা দেওয়া হয়েছে।
তিনি আরও যোগ করেন যে, কেন্দ্রীয় সরকার ও অন্যান্য এনডিএ-শাসিত রাজ্যগুলো থেকেও অবিলম্বে একই ভাষার সুরক্ষামূলক নোটিফিকেশন জারির প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আশা করছি, সম্মত হওয়া ভাষাই বিজ্ঞপ্তিতে ব্যবহার করা হবে। কোনো আন্দোলনকারীকে একা ফেলে রাখা হবে না। আমরা সবাই এই লড়াইয়ে একসঙ্গে আছি।
Advertisement
সরকার আশ্বাস না মানার শঙ্কা ও প্রশাসনিক তৎপরতা
বৈঠক শেষে পোস্ট করা এক ভিডিও বার্তায় সৌরভ দাস বলেন, সিজেপি নেতারা সরকারের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়িত না হওয়ার বিষয়ে নিজেদের গভীর দুশ্চিন্তা ও আশঙ্কার কথা সরকারি প্রতিনিধিদের সামনে তুলে ধরেছিলেন। তিনি বলেন, আমরা তাদের পরিষ্কার জানিয়েছিলাম যে, সরকারের দেওয়া আশ্বাস পূরণ নাও হতে পারে বলে আমরা গভীরভাবে চিন্তিত। এর জবাবে তারা বিহারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি প্রেস রিলিজ আমাদের দেখান, যেখানে বলা হয়েছে আন্দোলনকারীদের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার করা হবে ও ভবিষ্যতে তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হবে না।
সৌরভ দাস জানান, আন্দোলনকারীরা যাতে কোনো আইনি জটিলতায় না পড়েন তা নিশ্চিত করতে অন্যান্য রাজ্য সরকারগুলোর কাছ থেকেও অনুরূপ বিজ্ঞপ্তি কীভাবে জারি করানো যায়, তা নিয়েই মূলত দীর্ঘ আলোচনা হয়েছে।
তিনি বলেন, আমরা একসঙ্গে বসে আলোচনা করেছি যে আর কোনো কোন রাজ্য সরকার এই ধরনের বিজ্ঞপ্তি জারি করতে পারে, যাতে আন্দোলনকারীদের কোনো ক্ষতি না হয়। সরকার গ্যারান্টি দিয়েছে যে আমাদের উদ্বেগগুলো সমাধান করে বিভিন্ন রাজ্যের পক্ষ থেকে আজকের মধ্যেই বিজ্ঞপ্তি জারি করা হবে ও আন্দোলনকারীরা পুরোপুরি নিরাপদ থাকবে। ভবিষ্যতে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না।
Advertisement
তিনি দৃঢ়তার সঙ্গে যোগ করেন যে, প্রত্যেক আন্দোলনকারীর আইনি সুরক্ষা নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের দল চাপ বজায় রাখবে। আমরা নিশ্চিত করবো যে নিজ নিজ শহরে বিক্ষোভে অংশ নেওয়া একজন আন্দোলনকারীকেও যেন কোনো আইনি পদক্ষেপের মুখোমুখি হতে না হয়। আমরা প্রথম দিন থেকেই আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়েছি এবং ভবিষ্যতেও দাঁড়িয়ে থাকবো
সূত্র: এনডিটিভি
এসএএইচ