নির্ধারিত রক্ষণাবেক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে চট্টগ্রামের কর্ণফুলী টানেলে আগামী চার রাত বিশেষ ট্রাফিক (যান চলাচল) ব্যবস্থা চালু থাকবে। এ সময়ে টানেলের দুটি টিউবের পরিবর্তে একটি টিউব ব্যবহার করে উভয়মুখী যান চলাচল পরিচালনা করা হবে। যানবাহনের চাপ বেশি থাকলে চালক ও যাত্রীদের সর্বোচ্চ ১০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।
Advertisement
মঙ্গলবার (২৮ জুলাই) বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের উপপরিচালক (জনসংযোগ) মো. মাসুদ রানা শিকদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন ‘স্বপ্নের’ কর্ণফুলী টানেল এখন যেন ‘দুঃস্বপ্ন’বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৮ থেকে ৩১ জুলাই পর্যন্ত প্রতিদিন রাত ১১টা থেকে পরদিন ভোর ৫টা পর্যন্ত টানেলে নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজ চলবে। এ সময় ‘পতেঙ্গা-আনোয়ারা’ অথবা ‘আনোয়ারা-পতেঙ্গা’ রুটের যেকোনো একটি টিউব দিয়ে পর্যায়ক্রমে উভয় দিকের যানবাহন চলাচল পরিচালনা করা হবে।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ জানায়, যানবাহনের চাপ বেশি হলে টানেলের উভয় প্রান্তে সাময়িকভাবে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। এতে চালকদের ৫ থেকে সর্বোচ্চ ১০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।
Advertisement
রক্ষণাবেক্ষণ কার্যক্রম নিরাপদ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে চালক ও যাত্রীদের ধৈর্য ধারণ এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশনা অনুসরণের আহ্বান জানিয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।
এমআরএএইচ/এসএইচএস