জাতীয়

রামপুরায় বহুতল ভবনের ছাদ থেকে পড়ে মাদরাসাছাত্রের মৃত্যু

রাজধানী রামপুরায় আটতলা একটি ভবনের ছাদ থেকে পড়ে মো. জাকারিয়া (১০) নামের এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার (২৭ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে রামপুরা থানার পূর্ব কুঞ্জবন মনোয়ারুল মাদরাসায় এ ঘটনা ঘটে।

Advertisement

গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে জাকারিয়াকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ৬টার দিকে মারা যায় সে।

আরও পড়ুন মেলায় নিখোঁজের ৩ দিন পর কাশবনে মিললো মাদরাসাছাত্রের মরদেহ

নিহত জাকারিয়ার বাবা বোরহান উদ্দিন জানান, জাকারিয়া রামপুরার পূর্ব কুঞ্জবন মনোয়ারুল মাদরাসার নাজেরা বিভাগের শিক্ষার্থী ছিল। মাদরাসার হোস্টেলেই থাকতো সে। সোমবার সন্ধ্যার দিকে ওই মাদরাসার আটতলার ছাদ থেকে অসাবধানতাবশত নিচে পড়ে যায় জাকারিয়া। উদ্ধার করে দ্রুত তাকে ঢাকা মেডিকেলের ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারে (ওসেকে) ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়।

বোরহান উদ্দিন আরও জানান, তাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানার গলিয়োগ গ্রামে।

Advertisement

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

কেএজেডআইএ/এমএমকে