জাতীয়

উত্তরায় অবৈধভাবে আমদানি করা আইফোন-সোনার গহনা জব্দ, গ্রেফতার ৬

রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে বিদেশ থেকে আমদানিকৃত ১১টি আইফোন ও ১০০ দশমিক ৩৩ গ্রাম সোনার গহনা জব্দ করেছে পুলিশ। এ সময় ৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা পশ্চিম থানা।

Advertisement

মঙ্গলবার (২৮ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

গ্রেফতাররা হলেন- মহিদুল ইসলাম (৩৬), মো. আমিনুল হক বিপ্লব (৩৬), জয়নব বেগম (৪০), ফিরোজা আলী বেগম (৪৪), নুর আজাহার (৬০) ও মো. আজিজুল হক (৩৭)।

আরও পড়ুন তেজগাঁও এলাকায় ডিএমপির অভিযান, গ্রেফতার ৭৬

উত্তরা পশ্চিম থানার বরাত দিয়ে নিয়াজ মেহেদী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুর আনুমানিক ২টার দিকে উত্তরা পশ্চিম থানাধীন ৩ নম্বর সেক্টরের ১১ নম্বর রোডের ২ নম্বর বাসার সামনের সড়কে বিশেষ অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেফতার করা হয়। অভিযানকালে গ্রেফতারদের হেফাজত থেকে অবৈধভাবে বিদেশ থেকে আমদানিকৃত ১১টি আইফোন এবং ১০০ দশমিক ৩৩ গ্রাম সোনার গহনা জব্দ করা হয়।

Advertisement

এ ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মামলা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

কেআর/এএমএ