নেত্রকোনার কলমাকান্দায় মহাদেও নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে আটজনকে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তাদের মধ্যে সাতজনকে মোট ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা এবং একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
Advertisement
বুধবার (২৯ জুলাই) রাতে উপজেলার রংছাতি ইউনিয়নের সতেরহাতি এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামছুজ্জামান আসিফ।
জরিমানাপ্রাপ্তরা হলেন, উপজেলার আমগড়া গ্রামের ইদ্রিস মড়ল (৫৫), বৈদ্যগাঁও গ্রামের মো. রতন মিয়া (৪০), রায়পুর গ্রামের মোহাম্মদ আলী (৩০), সাকুয়া ইন্দ্রপুর গ্রামের মো. আমজাদ (২৮), সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শাহাগঞ্জ এলাকার শাখাওয়াত হোসেন এবং মধ্যনগর উপজেলার শিবরামপুর গ্রামের নান্টু সরকার ও প্রবেশ তালুকদার। তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া উপজেলার মনিরামপুর গ্রামের মো. তারা মিয়াকে (২৮) এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, উচ্চ আদালতের নির্দেশে মহাদেও নদের বালুমহালের ইজারা কার্যক্রম স্থগিত এবং পরে ইজারা বাতিল হলেও প্রায় দেড় মাস ধরে একটি সংঘবদ্ধ চক্র দিন-রাত অন্তত দুই শতাধিক ইঞ্জিনচালিত ছোট-বড় নৌকায় নদী থেকে বালু উত্তোলন করে বিভিন্ন স্থানে মজুত ও পাচার করছে।
Advertisement
স্থানীয়দের ভাষ্য, প্রতিদিন উত্তোলিত বালু উপজেলার বিভিন্ন স্থানে মজুতের পাশাপাশি নৌপথে মধ্যনগর, ধর্মপাশা ও বাদশাগঞ্জে নেওয়া হচ্ছে। সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, নয়ানগর, চিনাহালা, বরুয়াকোনা, নল্লাপাড়া, বৈদ্যগাঁও, ওমরগাঁও, ডাইয়ারকান্দা ও চকপাড়া এলাকার সড়কের পাশে বিপুল পরিমাণ বালু স্তূপ করে রাখা হয়েছে। এছাড়া উপজেলার বিভিন্ন ফাঁকা বাড়ি ও নির্জন স্থানে বালু মজুত রেখে লরি ও হ্যান্ড ট্রলির মাধ্যমে বিভিন্ন এলাকায় সরবরাহ করা হচ্ছে।
স্থানীয়দের দাবি, প্রতিদিন রাতে নৌকায় করে উত্তোলিত বালুর বড় একটি অংশ সদর ইউনিয়নের ডেইটাখালী এলাকায় এনে রাত ৯টার পর ট্রাকে দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামছুজ্জামান আসিফ বলেন, মহাদেও নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে সাতজনকে ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা এবং একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
এইচ এম কামাল/কেজে/জেআইএম
Advertisement