বিনোদন

বিতর্কিত মন্তব্যে বিক্ষোভের মুখে কঙ্গনা

বলিউড অভিনেত্রী ও বিজেপি সাংসদ কঙ্গনা রানাউতের সাম্প্রতিক মন্তব্য ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। যন্তর-মন্তরের আন্দোলন এবং আন্দোলনে অংশ নেওয়া নারীদের নিয়ে তার বক্তব্যের প্রতিবাদে উত্তরপ্রদেশে বিক্ষোভ করেছেন কংগ্রেসের নারী নেত্রী ও কর্মীরা। একই সঙ্গে কঙ্গনার প্রকাশ্য ক্ষমাও দাবি করেছেন তারা।

Advertisement

বৃহস্পতিবার ভারতের লখনউয়ের মল অ্যাভিনিউ মোড়ে উত্তরপ্রদেশ কংগ্রেস কমিটির মহিলা শাখার উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। এ সময় কঙ্গনা রানাউতের কুশপুতুলে আগুন দেন বিক্ষোভকারীরা। তাদের অভিযোগ, কঙ্গনার মন্তব্য আন্দোলনকারী নারীদের পাশাপাশি দেশের সব নারীর সম্মানকে আঘাত করেছে।

বিক্ষোভের একটি ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, কুশপুতুলে আগুন দেওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। পরে অর্ধেক পুড়ে যাওয়া কুশপুতুল সরিয়ে নেওয়ার সময় এক পুলিশ কর্মকর্তার পিছু নেন এক নারী বিক্ষোভকারী। ঘটনাটি নিয়েও নেটদুনিয়ায় চলছে আলোচনা।

আরও পড়ুন যার গলায় মালা পরিয়েছিলেন মল্লিকা, কেন হলো না সেই বিয়ে?

প্রতিবাদকারীদের দাবি, দীর্ঘদিন ধরে নিজেদের অধিকার আদায়ে আন্দোলন করে আসা নারীদের সম্পর্কে কঙ্গনার মন্তব্য অত্যন্ত অসম্মানজনক। তারা বলেন, আন্দোলনকারী নারীদের চরিত্র নিয়ে প্রশ্ন তোলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

Advertisement

বিক্ষোভ সমাবেশে কংগ্রেসের নারী নেত্রীরা আরও অভিযোগ করেন, নারী সংরক্ষণ ও নারীর ক্ষমতায়নের কথা বললেও বাস্তবে নারীদের সম্মান রক্ষার ক্ষেত্রে বিজেপির ভূমিকা সন্তোষজনক নয়। কঙ্গনার মন্তব্যের পরও দলটির শীর্ষ নেতৃত্বের নীরবতা হতাশাজনক বলেও মন্তব্য করেন তারা।

আরও পড়ুন আন্ডারওয়ার্ল্ডের ভয়ে না বলতে পারেননি কুমার শানু

বিক্ষোভকারীরা জানান, কঙ্গনা রানাউত ভারতের নারীদের কাছে নিঃশর্ত ক্ষমা না চাওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। এ কর্মসূচিতে উত্তরপ্রদেশ কংগ্রেস কমিটির একাধিক নারী পদাধিকারী ও শতাধিক নেতাকর্মী অংশ নেন।

এমএমএফ

Advertisement