স্বাস্থ্য

বিশেষ চাহিদাসম্পন্নদের জন্য ১৫০ শয্যার সেবা চালু শিশু কল্যাণ পরিষদে

রাজধানীর বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদে ‘দি দাউদি বোহরাস অব বাংলাদেশ’র উদ্যোগে নবনির্মিত ‘প্রজেক্ট রাইজ ওয়ার্ড ফর চাইল্ড হেলথ কেয়ার’র উদ্বোধন করেছেন মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) এ উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা ডা. মাখদুমা নার্গিস।

Advertisement

১৯৫৭ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ বর্তমানে ৮০ শয্যার একটি ফিজিও থেরাপি সেন্টার পরিচালনা করে আসছে। নতুন করে আরও ৭০টি শয্যা যুক্ত হওয়ায় এখন থেকে ১৫০ জন বিশেষ চাহিদাসম্পন্ন শিশু একসঙ্গে সেবা পাবে।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, জাতি, ধর্ম এবং রাজনৈতিক পরিচয় নির্বিশেষে সব মানুষের পাশে আছে সরকার। দেশে বর্তমানে ৪০ লাখ নিবন্ধিত বিশেষ চাহিদাসম্পন্ন মানুষ রয়েছে। 

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান একটি অন্তর্ভুক্তিমূলক, সহানুভূতিশীল এবং মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চান, যেখানে কেউ নিজেকে অনাদৃত, বঞ্চিত কিংবা অসহায় মনে করবে না। এরই মধ্যে সরকারের গৃহীত বিভিন্ন মানবিক উদ্যোগ জনমনে সাড়া ফেলেছে।

Advertisement

তিনি আরও বলেন, সমাজে বসবাসরত বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের বিভিন্ন থেরাপি ও চিকিৎসা প্রদান করলে তারা সুস্থ হয়ে সমাজের মূলধারায় মিশে যেতে পারে। এক্ষেত্রে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান মন্ত্রী।

তিনি বলেন, সমাজসেবামূলক প্রতিষ্ঠানগুলোতে অনুদান দিলে ট্যাক্স রিবেট পাওয়া যায়। তিনি সবাইকে এ সুযোগ গ্রহণ করার আহ্বান জানান। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, দি দাউদি বোহরাস অব বাংলাদেশ’র ঢাকা ও চট্টগ্রামের প্রতিনিধিসহ বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।

এসইউজে/এমকেআর 

Advertisement